দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে ধর্মনিরপেক্ষ পরিসর কংগ্রেসকে আগলে রাখতে হবে। কিন্তু তা না করে কংগ্রেসও যদি সংখ্যাগুরুর ভাবাবেগ রাখতে ‘লাইট হিন্দুত্বের’ পথে হাঁটে তা হলে হিন্দি বলয়ে কংগ্রেস ‘জিরো’ হয়ে যাবে বলে দলকে সতর্ক করতে চাইলেন কেরলের নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী তারুর।
এ ব্যাপারে কোক-পেপসির উদাহরণ টেনেছেন শশী। বহুজাতিক এই দুই পানীয় সংস্থা অনেক আগেই লো ক্যালরি-র পানীয় বাজারে এনেছে। যেমন কোক লাইট বা পেপসি জিরো। সেগুলির সঙ্গে লাইট হিন্দুত্ব তথা নরম হিন্দুত্বের তুলনা করেছেন তারুর।
‘দ্য হিন্দু ওয়ে, অ্যান ইন্ট্রোডাকশন টু হিন্দুইজম’ নামে একটি বই লিখেছেন শশী তারুর। তাঁর কথায়, বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করছে তা আসল হিন্দুত্ব নয়। ব্রিটিশ ফুটবল গুণ্ডাদের মতো একটা শ্রেণি তৈরি করেছে তারা। হিন্দুত্বের মূল কথার সঙ্গে বিজেপি-র হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। বরং মোদী-অমিত শাহদের হিন্দুত্ব হল খুবই সংকীর্ণ চিন্তাধারার। তা শুধু রাজনীতি আর ক্ষমতায় টিকে থাকার জন্যই তাঁরা প্রচার করছেন।
তারুরের কথায় কংগ্রেসের একজন প্রকৃত সদস্য হিসাবেই বলছি, আমার দলেরই দায়িত্ব রয়েছে এই অপসংস্কৃতি ঠেকাতে অগ্রণী ভূমিকা নেওয়ার। এমন নয় বিজেপি-র হিন্দুত্বের বিরোধিতা করার মানুষ নেই। সমাজে উদার ও মুক্ত চিন্তার মানুষের অভাব নেই। নতুন প্রজন্মের মধ্যেও রয়েছে। যেটা প্রয়োজন তা হল, সেই আবেগ ও ভাবনাকে উপযুক্ত নেতৃত্ব দেওয়া।
রবিবার তিরুবনন্তপুরমে এক অনুষ্ঠানে এ ব্যাপারে বলতে গিয়ে বাংলায় কমিউনিস্টদের প্রসঙ্গও তোলেন তারুর। তিনি বোঝাতে চান, বামেদের মতাদর্শের সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। কিন্তু দুর্গাপুজোর সময় তাঁরাও বইয়ের স্টল দিয়ে সেই কবে থেকে উৎসবের শরিক। আসলে এই ধরনের উৎসব উদযাপনের মধ্যেও একটা ধর্মনিরপেক্ষতার ভাবনা রয়েছে। ধর্মের তুলনায় সম্প্রীতির ছবিটাই বছরের পর বছর ধরে বড় হয়ে ধরা পড়েছে। শুধু ব্যতিক্রম দেখা যাচ্ছে হালফিলের কিছু ঘটনায়। যখন হিন্দুত্বের ভাবনাকেই বিকৃত করে অন্য একটা রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে।
এ বার লোকসভা ভোটে হিন্দি বলয়ে কংগ্রেস ধুয়ে মুছে গিয়েছে। এ দিন সে কথাও বলেছেন তারুর। কংগ্রেসের এই নেতার কথায়, স্বাধীনোত্তর সময় থেকে কংগ্রেস কখনওই এই ধরনের রাজনীতি করেনি। কংগ্রেস উদার ভাবনা নিয়েই চলেছে। সমাজের সব অংশকে কংগ্রেসের স্রোতের সঙ্গে মেশাতে চেয়েছে। সেই মূল ভাবনা থেকে সরে গেলে ফল খারাপ হতে পারে। কারণ, বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করছে সেটা তাদের পেটেন্ট। অরিজিনাল। কংগ্রেস নরম হিন্দুত্ব করলে সেটা তার নকল হবে। মানুষ নকল বাছবে কেন, বরং আসলটাই বেছে নেবে। তাই কংগ্রেস গত সত্তর বছর ধরে যা করেছে তাই করুক। দেশের ধর্মনিরপেক্ষ ভাবনা তার পরিসরকে আগলে রাখুক।