দ্য ওয়াল ব্যুরো: করোনা রুখতে গোমূত্র পানের ফেস্টিভ্যাল করল হিন্দু মহাসভা। ভাঁড় ভরা গোমূত্র পান করলেন নেতা-কর্মীরা। আর সেই ফেস্টিভ্যাল থেকে ঠিক হয়ে গেল আগামী পদক্ষেপ। জায়গায় জায়গায় গোমূত্রের ঠেক খুলবে তারা। শিশি ভর্তি করে পাঠানো হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। করোনা রুখতে এমনই দাওয়াই দিল হিন্দু মহাসভা।
উত্তরপ্রদেশে গোমূত্র পানের উৎসব আয়োজন করা হয়েছিল। হাতে গোমূত্রের ভাঁড় নিয়ে হিন্দু মহাসভার জাতীয় স্তরের নেতা চক্রপাণি মহারাজ বললেন, "সরকারের উচিত সমস্ত বিমানবন্দরে মদের কাউন্টার বন্ধ করে গোমূত্রের কাউন্টার চালু করা। যে বিদেশিরা বিমানবন্দরে নামবেন তাঁদের গোবর মাখিয়ে শুদ্ধ করার পর গোমূত্র পান করানো হোক।" বলেই চক্রপাণি মহারাজ স্লোগান দিলেন, "করোনা শান্ত হও।" পাশে থাকা হিন্দুত্ববাদীরা সেই স্লোগানে কোরাস দিল, "শান্ত হও...শান্ত হও।"
হিন্দু মহাসভার এক কর্মী বলেন, "আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গোমূত্র পাঠাবো। যদিও উনি এমনিতেই রোজ পান করেন। গোমূত্র পাঠানো হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও।" উল্লেখ্য এই যে, ট্রাম্পেরও রক্ত পরীক্ষা হয়েছিল। কিন্তু রিপোর্ট এসেছে নেগেটিভ। ভয় কেটেছে হোয়াইট হাউসের। কিন্তু হিন্দু মহাসভা ঝুঁকি নিতে চাইছে না। ট্রাম্পকে যাতে কোনও ভাইরাস ছুঁতে না পারে তাই আগে থেকেই সতর্ক চক্রপাণি মহারাজরা। তাঁরা জানিয়েছেন, মদের ঠেক বন্ধ করে সেখানে গোমূত্রের ঠেক খোলা হবে।
https://twitter.com/TheDeshBhakt/status/1238835123665043456
এখন প্রশ্ন হচ্ছে, সারা পৃথিবীর চিকিৎসাবিজ্ঞানীরা করোনা প্রতিষেধক ওষুধ তৈরির গবেষণায় প্রাণপাত করছেন ল্যাবরেটরিতে, তখন এত সহজে হিন্দু মহাসভা কী করে এমন দাওয়াই দিচ্ছে?
এর জবাবে এক নেতা বলেন, "আপনি একটা পাত্রে জল রেখে দিন। দেখবেন দুদিন পর তাতে ময়লা জমছে, পোকামাকড় বসছে। কিন্তু গোমূত্র রেখে দেখুন। কিচ্ছু হবে না।" তাঁর দাবি, ক্যানসার সেরে যায় গোমূত্রে। করোনা তো কোন ছাড়!
যদিও এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে টিপ্পনিও কেটেছেন। কেউ লিখেছেন, এদের মাথায় নিশ্চয়ই গোবর ভরা! নাহলে কেউ এসব বলে! কেউ আবার লিখেছেন, এবার থেকে তাহলে পোকামাকড় তাড়াতে ফিনাইল, অ্যাসিডের বদলে গোমূত্র ঢালা চালু হোক!