দ্য ওয়াল ব্যুরো: রাজধানী লাগোয়া গুরুগ্রামে এক পেটিএম কর্মীর শরীরে ধরা পড়ল নভেল করোনাভাইরাসের জীবাণু। সম্প্রতি তিনি ইতালিতে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। ইউরোপের মধ্যে ইতালিতেই নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
এই খবর জানার পরেই আগামী কয়েকদিন ওই অফিসের সব কর্মীকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন পেটিএম কর্তৃপক্ষ। ওই অফিসটিকে সম্পূর্ণ ভাবে জীবাণুমুক্ত করে তারপরে ফের চালু করা হবে বলে জানানো হয়েছে।
গুরুগ্রামের পাশাপাশি উত্তরপ্রদেশের নয়ডার পেটিএমের অফিস অন্তত দু’দিন বন্ধ রাখা হবে বলে জানিয়েছে পেটিএম কর্তৃপক্ষ।
পেটিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমাদের এক সহকর্মী সম্প্রতি ইতালি থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন। দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পরীক্ষায় তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। তাঁর যথাযথ চিকিৎসা করানো হচ্ছে এবং আমরা সম্পূর্ণ ভাবে তাঁর পরিবারের পাশে রয়েছি। আমরা তাঁর সহকর্মীদের প্রত্যেককে অবিলম্বে এই পরীক্ষা করাতে পরামর্শ দিচ্ছি। অফিস জীবাণুমুক্ত করার জন্য আগামী কয়েকদিন সহকর্মীদের সকলকে বাড়ি থেকে কাজ করতে বলা হচ্ছে। তবে এর ফলে আমাদের দৈনন্দিন কাজকর্মে কোনও প্রভাব পড়বে না।”