দ্য ওয়াল ব্যুরো : টোল ট্যাক্স দিতে চাননি দুই যুবক। ফলে তাঁদের গাড়ি আটকান টোল প্লাজার এক কর্মী। তাই নিয়েই শুরু হয় বচসা। গড়ায় হাতাহাতিতে। এর মধ্যেই ওই কর্মীর মাথায় ড্রামের বাড়ি মারেন এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পুরো ঘটনা ক্যামেরাবন্দি হয় সিসিটিভিতে। দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি হরিয়াণার বাহাদুরগড়ের কাছে ৯ নম্বর জাতীয় সড়কের। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে একটি মারুতি সুজুকি এর্টিগা গাড়িতে করে দুই যুবক ওই রাস্তা ধরে যাচ্ছিলেন। টোল প্লাজার কাছে গিয়ে তাঁরা ট্যাক্স দিতে চাননি। তখনই তাঁদের গাড়ি আটকান কর্মরত ওই নিরাপত্তারক্ষী। তারপরেই দুজনের সঙ্গে তাঁর বচসা শুরু হয়।
এই পুরো ঘটনা ক্যামেরাবন্দি হয় রাস্তার ধারে থাকা সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে সাদা জামা ও নীল জামা পরা দুই যুবক ও কর্মীর সঙ্গে হাতাহাতি করছেন। দু'জনকে থামানোর অনেক চেষ্টা করছেন ওই কর্মী। তার পরক্ষণেই রাস্তায় পড়ে থাকা একটা টিনের ড্রাম তুলে নিরাপত্তারক্ষীর মাথায় সজোরে মারেন সাদা জামা পরা যুবক। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওই নিরাপত্তারক্ষী।
এই ঘটনার পরেই সেখানে ছুটে আসেন আশাপাশে থাকা টোল প্লাজার কর্মী ও পথচলতি মানুষ। তাঁদের সামনেও হম্ভিতম্বি করতে দেখা যায় দু'জনকে। দুই যুবককে আটকে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তাঁদের গ্রেফতার করেন। আহত কর্মীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, দুই যুবক বাহাদুরগড়ের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার এই ধরণের ঘটনা ঘটেছে। গত মাসে গুরুগ্রামের খেরকি ধৌলা টোল প্লাজাতে ট্যাক্স দিতে না চাওয়ায় একটি গাড়িকে আটকান এক মহিলা কর্মী। তখন ওই মহিলাকে নিগ্রহ করেন এক ব্যক্তি। সিসিটিভিতে ওই ঘটনার ভিডিও রেকর্ড হয়। জুন মাসে এক টোল প্লাজার কর্মীকে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন এক ব্যক্তি। এই ঘটনায় ওই কর্মী গুরুতর আহত হয়েছিলেন।