দ্য ওয়াল ব্যুরোঃ ভারতে উৎপাদন বন্ধ করেছে আমেরিকার মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা হার্লে ডেভিডসন। হরিয়ানার বাওয়ালে সংস্থার একমাত্র কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরেই আশঙ্কা জেগেছিল, তাহলে কি ভারতে আর বিক্রি হবে না এই জনপ্রিয় মোটরসাইকেল। আপাতত জানা গিয়েছে আর এক মোটরসাইকেল সংস্থা হিরো মোটোকর্পের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে হার্লে ডেভিডসনের। সবকিছু ঠিকঠাক থাকলে এরপর এই সংস্থা ভারতে হার্লে ডেভিডসন মোটরসাইকেল বিক্রি করবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে হার্লে ডেভিডসন জানিয়েছে, হরিয়ানার বাওয়ালে সংস্থাটির একমাত্র কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া, গুরুগ্রামে সেলস অফিসটির কাজ কমিয়ে এনে সেটিকে আকারে আরও ছোট করা হয়েছে। অনেক বছর ধরে চেষ্টার পরেও ভারতের বাজারে নিজেদের জমি শক্ত না করতে পারার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য হিরো মোটোকর্পের সঙ্গে সংস্থার কথাবার্তা চলছে। সবকিছু ঠিক থাকলে ভারতে হার্লে বাইকের ডিস্ট্রিবিউটর হবে হিরো মোটোকর্প।
সূত্রের খবর, চুক্তি নিয়ে দুই সংস্থার মধ্যে আলোচনা চলছে। যদিও চুক্তি প্রায় শেষের পথে এমনটাই জানা গিয়েছে। হিরো চাইছে হার্লের একটি মডেলের মোটরসাইকেল তৈরি করার অনুমতি তাদের দেওয়া হোক। তারা হার্লের কাছ থেকে যন্ত্রাংশ এনে ভারতেই তা তৈরি করবে। তবে তা এখনই নয়। এই নিয়েই আলোচনা চলছে দু’তরফে।
ভারতে ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবসা করেছে আমেরিকার এই সংস্থা। ভারতে তাদের একটি কারখানা ও ৩৩টি শোরুম ছিল। কিন্তু কারখানা বন্ধ হওয়ার পরে এবার শোরুমগুলিও বন্ধ হবে বলেই খবর। যদি তেমন হয় তাহলে অনেক কর্মী কাজ হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। অবশ্য করোনা সংক্রমণের পর থেকেই কর্মী ছাঁটাই করছিল সংস্থা। কম বিক্রি ও অতিরিক্ত করের ফলেই লাভের মুখ দেখছিল না তারা। তাই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
গত বছর হার্লে ডেভিডসনের উপর শুল্ক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেই এই মোটরসাইকেলের উপর শুল্ক অর্ধেক করা হয়। কিন্তু তারপরেও এই মোটরসাইকেলের যা দাম, তাতে ভারতীয়দের পক্ষে তা কেনা কঠিন। এই কারণেই বিক্রি কম হচ্ছে। তাই ঝাঁপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এখন দেখার হিরো মোটোকর্পের সঙ্গে এই চুক্তি হার্লের হয় কিনা।