হান্দওয়ারা এনকাউন্টার: ১১ জন নাগরিককে বন্দি বানিয়েছিল জঙ্গিরা, তাঁদের বাড়িতেই নিয়েছিল ঠাঁই
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোররাত থেকে শুরু হয়েছিল গুলির লড়াই। রবিবার সকাল পর্যন্ত প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে কাশ্মীরের হান্দওয়ারায় জারি ছিল এনকাউন্টার। নিরাপত্তাবাহিনীকে নাস্তানাবুদ করার জন্য সাধারণ নাগরিকদের ঢাল বানিয়েছিল জঙ্গিরা। মোট ১১
শেষ আপডেট: 3 May 2020 15:32
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ভোররাত থেকে শুরু হয়েছিল গুলির লড়াই। রবিবার সকাল পর্যন্ত প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে কাশ্মীরের হান্দওয়ারায় জারি ছিল এনকাউন্টার। নিরাপত্তাবাহিনীকে নাস্তানাবুদ করার জন্য সাধারণ নাগরিকদের ঢাল বানিয়েছিল জঙ্গিরা। মোট ১১ জন নাগরিককে বন্দি বানিয়েছিল তারা। তাঁদের মধ্যে ছিলেন ৫ জন মহিলা এবং শিশুরাও। এই নাগরিকদের বাড়িতে ঘাঁটি গেড়েই ক্রমাগত নিরাপত্তাবাহিনীর উপর আঘাত হেনেছিল জঙ্গিরা।
জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলা জঙ্গি কার্যকলাপের জন্য বরাবরই কুখ্যাত, এই জেলার হান্দওয়ারাতেই চাঙ্গিমুল্লা এলাকার কাছে একটি বাড়িতে ঠাঁই নিয়েছিল জঙ্গিরা। সেখানেই তাদের সঙ্গে হাজির ছিল ১১ জন বন্দিও। উপত্যকার সাধারণ নাগরিকদের জঙ্গিরা ঢাল হিসেবে ব্যবহার করছে এটা বুঝতে পারায় সাময়িক ভাবে অভিযান থামাতে বাধ্য হয় নিরাপত্তাবাহিনী। তবে সেনা সূত্রে খবর, ততক্ষণে আহত হয়েছে এক জঙ্গি। তবে বাকি তিন-চারজন অন্যদিকে গা ঢাকা দিতে সক্ষম হয়।
এপ্রিলের ২৮ তারিখ গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে যে হান্দওয়ারার কাছে চাঙ্গিমুল্লাতে একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে কয়েকজন জঙ্গি। খবর পেয়েই অভিযানের ছক কষে ফেলেন নিরাপত্তারক্ষীরা। ১ মে রাত ৩টে নাগাদ প্রথম আঘাত হানা হয় জঙ্গিদের উপর। নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়েই পাল্টা জবাব দেয় জঙ্গিরাও। আরও কিছু সূত্রে হাতে আসায় জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে ২ মে-ও যৌথ অভিযান চালায় সেনাবাহিনী। ৩ তারিখ সকাল পর্যন্ত চলে অভিযান।
কাশ্মীর পুলিশের একটি দল সফলভাবে জঙ্গিদের কবলে থাকা ১১ জন সাধারণ নাগরিককেই উদ্ধার করেন। তবে এই সময়েই এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। তাদের তরফ থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ধেয়ে আসে সেনা এবং পুলিশের উপর। এই ঘটনায় শহিদ হয়েছেন পাঁচজন। জম্মু ও কাশ্মীর পুলিশের সাব-ইন্সপেক্টর শাকিল কাজি এবং রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ কুমার, ল্যান্স নায়েক দীনেশ সিং---এই পাঁচজন শহিদ হয়েছেন। খতম হয়েছে দুই জঙ্গিও।