দ্য ওয়াল ব্যুরো: নিজের তুতো-দাদার হাতেই ফের ধর্ষিত হল এক কিশোরী। এই ঘটনা সামনে আসার পরেই ১৬ বছর বয়সী কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ৫১ এলাকায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ১৫ বছরের ওই কিশোরী তার পিসির বাড়িতে গিয়েছিল। পিসি অসুস্থ থাকায় কিশোরীর মা ঘরের কাজে সাহায্য করার জন্য তাকে পাঠান। সন্ধেবেলা নিজের ছেলে ও ভাইঝিকে বাড়িতে রেখে ডাক্তার দেখাতে যান কিশোরীর পিসি। অভিযোগ সেই সময়ই নিজের তুতো বোনের হাত-পা বিছানার সঙ্গে বেঁধে তাকে ধর্ষণ করে কিশোর।
এই ঘটনার পর কিশোর তাকে ভয় দেখায়, কিছু বললে সেটা তার পক্ষে ভাল হবে না। সেই রাতেই বাড়ি ফিরে আসে কিশোরী। বাড়িতে কিছু জানায়নি সে। কিন্তু শুক্রবার স্কুলে গিয়ে কিশোরী অজ্ঞান হয়ে যায়। তারপর স্কুলের শিক্ষিকাদের কাছে সব খুলে বলে সে। তার মাকে খবর দেওয়া হয়।
কিশোরীর মা পুরো ব্যাপারটা জানতে পেরে সেক্টর ৫১ থানায় অভিযোগ দায়ের করেন। কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগের ভিত্তিতে কিশোরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুভেনাইল আইনে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।