স্বাস্থ্যমন্ত্রীর দফতরেই কোভিড হানা, হর্ষ বর্ধনের নিরাপত্তারক্ষীর রিপোর্ট এল পজিটিভ
দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় এইমসে নিযুক্ত হয়েছিলেন স্পেশ্যাল ডিউটি অফিসার (ওএসডি)। এইমসের ‘টিচিং ব্লক’-এ স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের অফিসেরই একটি অংশে বসতেন তিনি। সেই অফিসের নিরাপত্তারক্ষীর শরীরে এবার পাওয়া গিয়েছে কোভিড সংক্রমণের নমু
শেষ আপডেট: 27 April 2020 02:35
দ্য ওয়াল ব্যুরো: করোনা মোকাবিলায় এইমসে নিযুক্ত হয়েছিলেন স্পেশ্যাল ডিউটি অফিসার (ওএসডি)। এইমসের ‘টিচিং ব্লক’-এ স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের অফিসেরই একটি অংশে বসতেন তিনি। সেই অফিসের নিরাপত্তারক্ষীর শরীরে এবার পাওয়া গিয়েছে কোভিড সংক্রমণের নমুনা।
জানা গিয়েছে, শনিবার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে ওই নিরাপত্তারক্ষীর। সূত্রের খবর, ওএসডি যেখানে বসতেন সেই বিভাগের পুরো অফিস খালি করে ইতিমধ্যেই স্যানিটাইজ করা হয়েছে। এছাড়াও দফতরের অধিকাংশ কর্মী এবং অন ডিউটি স্পেশ্যাল অফিসারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে সকলের নমুনা। তবে এই নিরাপত্তারক্ষীর সংস্পর্শে স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এসেছেন কিনা সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি এখনও।
রবিবার ডক্টর বি আর আম্বেদকর ইন্সটিটিউট রোটারি ক্যানসার হাসপাতালের এক নার্সের শরীরেও পাওয়া গিয়েছে সংক্রমণের নমুনা। সূত্রের খবর, ক্যানসার সেন্টারের ‘ডে কেয়ার’ বিভাগে থাকত করোনা আক্রান্ত নার্সের দুই সন্তান। তাদের রিপোর্টও এসেছে কোভিড পজিটিভ। এই দুই শিশু এবং তাদের মায়ের সংস্পর্শে যাঁরা এসেছেন সকলকেই সেলফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তাঁদের নমুনাও পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
সূত্রের খবর, শনিবারই কেমোথেরাপির জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন এক রোগী। তিনি এবং ‘ডে কেয়ার সেন্টার’-এর অনেকেই আক্রান্ত নার্স এবং তাঁর দুই সন্তানের সংস্পর্শে এসেছেন। তাঁদেরকে সেলফ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
সূত্রের খবর, এইমসের আরও ৬ জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বিভাগের প্রায় ৭০ জনকে সেলফ কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।