লকডাউন মিটলেই বিদেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার পরিকল্পনা কেন্দ্রের
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে অনেক দেশেই আটকে পড়েছেন ভারতীয়রা। লকডাউনের আগে অনেককে বিদেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনও বিদেশে থাকা ভারতীয়দের সংখ্যাটা অনেক বেশি। দেশে ফিরতে চাইছেন তাঁরা। এই পরিস্থিতি লকডাউন মিটলেই ত
শেষ আপডেট: 26 April 2020 11:29
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে অনেক দেশেই আটকে পড়েছেন ভারতীয়রা। লকডাউনের আগে অনেককে বিদেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হলেও এখনও বিদেশে থাকা ভারতীয়দের সংখ্যাটা অনেক বেশি। দেশে ফিরতে চাইছেন তাঁরা। এই পরিস্থিতি লকডাউন মিটলেই তাঁদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে কেন্দ্র।
জানা গিয়েছে, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে অসামরিক বিমান মন্ত্রক, এয়ার ইন্ডিয়া ও বিদেশে থাকা ইন্ডিয়ান মিশনারিদের সঙ্গে আলোচনা করে একটা পরিকল্পনা করা হচ্ছে। কী ভাবে লকডাউন মেটার পরে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে সেই ব্যাপারেই পরিকল্পনা করা হচ্ছে।
সূত্রের খবর, বিশেষ বিমানে করে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হতে পারে। তবে সেটা আবার রাজ্যগুলির উপর নির্ভর করছে। কারণ অনেক রাজ্য ইতিমধ্যেই লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিয়েছে। তাই কখন কোন রাজ্যে লকডাউন উঠছে সেই ভিত্তিতেই নাগরিকদের ফিরিয়ে আনা হবে বলে খবর।
এই ফিরিয়ে আনার কাজ অবশ্য বিনামূল্যে হবে না। জানানো হয়েছে, যাঁরা ফিরতে চান, তাঁদের টিকিট কেটেই ফিরতে হবে। লকডাউন শুরু হওয়ার আগে অবশ্য চিন, ইরান প্রভৃতি দেশ থেকে বিনামূল্যে ভারতীয়দের ফিরিয়ে এনেছিল এয়ার ইন্ডিয়ার বিমান।
জানা গিয়েছে, বিশেষ করে গালফ এলাকায় প্রচুর ভারতীয় আটকে রয়েছেন। গালফ এলাকার দেশগুলি ইতিমধ্যেই সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতের উপর কূটনৈতিক চাপ দেওয়া শুরু করে দিয়েছে। জানানো হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের সেখান থেকে ফিরিয়ে না আনলে সেইসব দেশের তরফে তাঁদের কোনও রকমের সুবিধা দেওয়া হবে না।
সরকারের উপর চাপ রয়েছে রাজ্যগুলিরও। বিশেষ করে কেরল সরকারের তরফে জানানো হয়েছে, সেই রাজ্যের অনেক বাসিন্দা গালফ এলাকার দেশগুলিতে কাজের জন্য যান। তাই বিদেশ মন্ত্রক রাজ্য সরকারগুলির সঙ্গে বিদেশে থাকা বিভিন্ন ভারতীয় মিশনের সঙ্গে যোগাযোগ করছে। তাদের বলা হয়েছে, কারা ভারতে ফিরতে চান, তার একটা তালিকা তৈরি করতে। সেই তালিকা অনুযায়ীই ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। তবে অবশ্যই তাঁদের টিকিটের টাকা দিতে হবে।
আপাতত ৩ মে পর্যন্ত ভারতে সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ রয়েছে। লকডাউনের পর বিমান পরিষেবা চালু হবে। তবে কবে লকডাউন সে ব্যাপারে এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।