দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টা। তারপরই বুধবার অযোধ্যায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক রামমন্দিরের ভূমিপূজন অনুষ্ঠান। রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফ বলা হয়েছে, ভূমিপূজনে আমন্ত্রিতের সংখ্যা ১৭৫ জন। প্রধান অতিথি চার জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন পটেল ভূমিপূজনের প্রধান অতিথি। এ ছাড়াও স্থানীয় বিশিষ্ট মানুষ জন, রামমন্দির আন্দোলনের নেতৃত্ব এবং ধর্মীয় সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। রামমন্দির ট্রাস্টের তরফে চেয়ারম্যান চম্পত রাই বলেছেন, এখানে শুধু হিন্দু সংগঠনের নেতাদেরই আমন্ত্রণ জানানো হয়নি। সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, শিখ ধর্মীর নেতা-সহ অন্যান্য অনেক ধর্মের নেতাদেরই ৫ অগস্টের ঐতিহাসিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
মোট পাঁচটি মঞ্চ হয়েছে মন্দির প্রাঙ্গনে। মূল মঞ্চে থাকবেন মোদী, যোগী, ভগবতরা। তাঁদের সঙ্গে ওই মঞ্চে বসবেন রামমন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যানও। বাকি মঞ্চগুলিতে সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রেখে বসবেন বাকি অতিথিরা।
ইতিমধ্যেই করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে অযোধ্যায়। প্রধান পুরোহিতের সহকারী পুরোহিত প্রদীপ দাস আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন। সেদিনই জানা গিয়েছিল রামমন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬ জন পুলিশকর্মীও কোভিডে আক্রান্ত হয়েছেন। সোমবার আরও এক পুরোহিতের কোভিডে আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
তাই সমস্ত রকম সতর্কতা নেওয়া হচ্ছে ভূমিপূজন ঘিরে। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে অযোধ্যায় নামার পর যে পথে রামমন্দির প্রাঙ্গনে যাবেন সেই পথ রবিবার থেকে স্যানিটাইজ করা শুরু হয়েছে। অযোধ্যা নগর নিগমের উদ্যোগে চলছে স্যানিটাইজ করার কাজ। একইসঙ্গে আশপাশের একাধিক মন্দিরও স্যানিটাইজ করা হচ্ছে। জীবাণুমুক্ত করা হচ্ছে সরযূ নদীর তীরও।
বুধবার সকাল ৯টা ৩৫-এ দিল্লি থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী। লখনউয়ে পৌঁছবেন ১০টা বেজে ৩৫ মিনিটে। সেখান থেকে হেলিকপ্টারে ১১টা ৩০ মিনিটে অযোধ্যায় পৌঁছবেন মোদী। হনুমানগড়িতে পুজো দিয়ে রামমন্দির প্রাঙ্গনে পৌঁছবেন ঠিক ১২টায়। তারপর সাড়ে ১২টায় শুরু হবে ভূমিপূজন।
লালকৃষ্ণ আডবাণীকে মন্দির প্রাঙ্গনে আসার আমন্ত্রণ না জানানো নিয়ে ট্রাস্টের চেয়ারম্যান বলেন, "করোনাভাইরাসের কারণে আমরা ৯০-এর বেশি বয়সীএ মানুষকে আমন্ত্রণ জানাইনি। এই পরিস্থিতিতে আডবাণীজি কী করে দিল্লি থেকে অযোধ্যায় আসবেন?"