দ্য ওয়াল ব্যুরো: নতুন তৈরি করা কুয়োয় নেমে দম বন্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বাবা ও ছেলেও রয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গণ্ডিয়া জেলায়। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ঘটেছে এই দুর্ঘটনা।
পুলিশ সূত্রে খবর, আমগাঁও তহসিলের কানহারটোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। গ্রামের বাসিন্দা ৬২ বছরের আত্মারাম ভাণ্ডারকর তাঁর বাড়িতে একটি নতুন কুয়ো খনন করেছিলেন। সেই কুয়ো ব্যবহার করার আগে বৃহস্পতিবার একটি পুজো রেখেছিলেন আত্মারাম।
কুয়োর জল পরিষ্কার রাখার জন্য বুধবার রাতে সেখানে ব্লিচিং পাউডার ছেটান আত্মারাম। এছাড়া আরও কিছু রাসায়নিকও মেশান তিনি। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ একটি মোটর পাম্প সরানোর জন্য কুয়োর নীচে নামেন আত্মারামের ছেলে। সেখানে নেমেই তিনি অজ্ঞান হয়ে যান।
অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেক্টর রাজকুমার দুনাগে জানিয়েছেন, ছেলেকে অজ্ঞান হয়ে যেতে দেখে কুয়োয় নামেন আত্মারাম। তিনিও বেরিয়ে আসেননি। এই ঘটনা দেখে তাঁর দুই প্রতিবেশীও দু’জনকে উদ্ধারের জন্য কুয়োর ভিতরে নামেন। কিন্তু তাঁরাও অজ্ঞান হয়ে যান।
খবর পেয়ে সেখানে যায় পুলিশ। কুয়োর ভিতর থেকে চারজনের মৃতদেহ তোলা হয়। আত্মারাম ভাণ্ডারকর ছাড়া বাকি তিনজনের নাম হল তাঁর ছেলে ঝনকলাল আত্মারাম ভাণ্ডারকর (৩৬) এবং প্রতিবেশীরা রাজু ভাইয়ালাল ভান্ডারকর (৩৫) ও ধনরাজ লক্ষ্মণ গাইধানি (৪০)।
এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁদের প্রাথমিক অনুমান, কুয়ো পরিষ্কার করার জন্য যে রাসায়নিকের ব্যবহার করা হয়েছিল, সেখান থেকেই কুয়োর ভিতরে কোনও বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়েছিল। আর সেই গ্যাস থেকেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে চারজনের। কিন্তু ওই গ্যাসের বাইরে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।