দ্য ওয়াল ব্যুরো: কিছুদিন আগেই এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে লোক জনশক্তি পার্টি বা এলজেপি। আর তারপরেই মৃত্যু হয়েছে দলের প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের। তাই এবার বিহারের নির্বাচনে চিরাগ পাসোয়ানের নেতৃত্বে ভোটে লড়বে এলজেপি। আর সেই লড়াইয়ে বিজেপিরও সমর্থন চাইলেন চিরাগ পাসোয়ান। তাঁর দাবি, নীতীশ কুমারকে যেসব বিজেপি সমর্থকরা পছন্দ করেন না তাঁরা এলজেপিকে ভোট দিন।
রবিবার সকালে একটি টুইট করেন চিরাগ পাসোয়ান। তিনি বলেন, “আমি সবার কাছে অনুরোধ করছি ‘বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট’ স্লোগানকে কাজে পর্যবসিত করার জন্য এলজেপি প্রার্থীদের ভোট দিতে। বাকি সব জায়গায় বিজেপিকে ভোট দিন। আগামী সরকার নীতীশ মুক্ত সরকার হতে চলেছে।”
মোট ১৩৮ টি আসনে প্রার্থী দিয়েছে এলজেপি। তার মধ্যে ১২২টি আসনে জনতা দল ইউনাইটেড ও তাদের জোট সঙ্গী জীতেন রাম মাঝির হিন্দুস্তানী আওয়াম মোর্চার বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তারা।
বিহারের ২৪৩টি আসনের মধ্যে মাত্র ৫টি আসনে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে এলজেপি। যদিও তা চিরাগ পাসোয়ানের অনুমতি নিয়েই করা হয়েছে। চিরাগ জানিয়েছেন, নির্বাচনের পরে সরকার তৈরিতে বড় ভূমিকা নেবে এলজেপি।
অবশ্য বিজেপির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, বিহারের নির্বাচনে জিতলে মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার। যে দল নীতীশ কুমারকে চাইবেন না, তাঁরা বিহারের নির্বাচনে এনডিএ জোটের সঙ্গী হবেন না। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ভোটও চাইতে পারবেন না।
এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এলেও বিজেপির বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি নিজের আনুগত্যের প্রকাশ দিয়েছেন চিরাগ। কিছুদিন আগে তিনি বলেন, তাঁর বুক চিড়লে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেখা যাবে। অর্থাৎ প্রভুভক্ত হনুমানের মতোই কথা বলেছেন তিনি। এছাড়া এলজেপি প্রার্থী নেই, এমন ১০৫টি আসনে পাসোয়ান সম্প্রদায়ের মানুষকে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলেছেন তিনি।
দেশে করোনা সংক্রমণের কারণে লকডাউন শুরু হওয়ার পর থেকেই নীতীশ কুমারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন চিরাগ। বারবার তিনি বুঝিয়েছেন, তাঁর বিরোধিতা জেডিইউ সরকারের বিরুদ্ধে। তাই নির্বাচনে জিতে বিজেপির হাত শক্ত করতে চান তিনি। অন্যদিকে নীতীশের প্রতি বিজেপি নেতৃত্ব আস্থা দেখালেও এলজেপি বা চিরাগ পাসোয়ানের বিরুদ্ধে বিশেষ মুখ খুলতে দেখা যায়নি তাদের। তাই সব মিলিয়ে বিহারের নির্বাচনের আগে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ।