
শেষ আপডেট: 6 October 2018 13:01
অসংখ্য ফেসবুক ইউজার রিপোর্ট করেছেন ফেসবুক মেসেঞ্জার মারফত তাঁদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। তাঁদের অজ্ঞাতসারেই কেউ মেসেঞ্জার থেকে তাঁদের হয়ে মেসেজ পাঠিয়ে দিয়েছেন। তাঁরা আরও জনিয়েছেন, তাঁদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে থাকা বন্ধুদের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো হয়েছে। EazyDiner অ্যাপ্লিকেশনটির প্রতিষ্ঠাতা রোহিত দাসগুপ্ত জানিয়েছেন, তাঁর অ্যাকাউন্টে ঢুকে হ্যাকাররা তাঁর নাম করে ফেসবুক বন্ধুদের একটি অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করতে বলেছেন। তিনি ফেসবুকে এরকম একটি মেসেজের স্ক্রিন শট দিয়ে লিখেছেন "আমি ফেসবুকে থাকা আমার ব্যক্তিগত তথ্য নিয়ে খুব চিন্তিত। আমি অনেক e-commerce সাইটে ফেসবুক আইডি দিয়ে ঢুকেছিলাম। সেখানে আমি অনেক টাকা পয়সার লেনদেন করেছি। আমার ক্রেডিট কার্ডের ডিটেলস দিয়েছি। যদি হ্যাকাররা সেগুলির সন্ধান ফেসবুকের সাহায্যে পেয়ে থাকে! আমি ভাবতে পারছি না! শেষ হয়ে যাবো তাহলে।"
ফেসবুক আগেই জানিয়েছিল সারা পৃথিবীতে প্রায় ৫ কোটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এমনকি ফেসবুক প্রধান মার্ক জুকেরবার্গের অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা হয়েছে। গত পরশু 'দ্য ওয়াল' জানিয়েছিল, এই হ্যাক করা অ্যাকাউন্টগুলির মধ্যে কিছু অ্যাকাউন্ট ডার্ক ওয়েব-এ মাত্র ২১৯ টাকায় বিক্রি পর্যন্ত হচ্ছে। ফেসবুক তাই তাদের ইউজারদের হোয়াটস অ্যাপে পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ পাঠাতে শুরু করেছিল। কিন্তু হিতে বিপরীত হয়েছে। ফেসবুকের কান্ডকারখানা দেখে টনক নড়েছে ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রকের। তাঁরা গ্রাহকদের সমস্যা বুঝতে পেরেছেন , এবং মন্ত্রকের মাধ্যমে তদন্ত শুরু করেছেন। ভারতের তথ্য প্রযুক্তি মন্ত্রক ভারতীয় ফেসবুক গ্রাহকদের অ্যাকাউন্ট হ্যাক এবং হোয়াটস্অ্যাপের মাধ্যমে পাসওয়ার্ড রিসেটের কোড পাঠানোর জন্য ফেসবুকের ব্যাখ্যা তলব করেছেন।
মিডিয়া ব্যক্তিত্ব ও রেস্টুরেন্ট মালিক জারোয়ার কালরা নিজে একজন ভুক্তভোগী। সম্প্রতি তাঁর এক ফেসবুক বন্ধু ফোন করে বলেন, ফেসবুকের মাধ্যমে কালরা টাকা চাইছেন কেন! সেই মুহুর্তে কালরা বুঝতে পারেন ,তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। তিনি জানিয়েছেন, "ফেসবুকের সাহায্যে ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার পরিণাম ভয়ংকর। এখনই এটার নিষ্পত্তি করতে হবে। আমি আমার মার্কেটিং টিমকে বলেছি এখনিই ফেসবুককে চিঠি লিখতে এবং হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট নিয়ে আমার চিন্তা দ্রুত মেটাতে।" কালরার ফেসবুক অ্যাকাউন্টে প্রায় দশ হাজার ফলোয়ার আছে । এবং তাঁর নিজের ফেসবুক পেজে আড়াই লক্ষ ফলোয়ার আছে।