
শেষ আপডেট: 7 November 2020 14:57
টুডেজ চাণক্যর সমীক্ষকদের মতে, বিহারে এনডিএ জোটের পতনের বড় কারণ হতে পারে নীতীশ কুমারের বিরুদ্ধে অসন্তোষ। লোকসভা ভোটে এই বিহারে সোনা ফলিয়েছে বিজেপি ও জেডিইউ। এবং তাদের সমীক্ষার মতে এখনও বিহারে নরেন্দ্র মোদী জনপ্রিয়। কিন্তু নীতীশের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার কারণেই ডুবতে হতে পারে বিজেপিকেও।
চাণক্যর মতে, বিহারে এনডিএ জোট পেতে পারে মাত্র ৩৪ শতাংশ ভোট। তুলনায় মহাজোট পেতে পারে ৪৪ শতাংশ ভোট। অর্থাৎ ১০ শতাংশ ভোটের ফারাক হতে পারে। তাদের হিসাবে মুখ্যমন্ত্রী পদে পছন্দের হিসাবেও নীতীশের থেকে সমীক্ষায় অনেক এগিয়ে রয়েছে তেজস্বী যাদব।
https://twitter.com/TodaysChanakya/status/1325074596417003525
এ বার বিহার ভোটের সময় লালু প্রসাদ যাদব ময়দানে ছিলেন না। তিনি জেলে বন্দী রয়েছে। দলের নেতৃত্ব দিয়েছেন তেজস্বী। এবং তাঁর প্রতিটি সভায় যে ভাবে ভিড় উপচে পড়ছিল তা দেখেই ভোটের ফলাফল সম্পর্কে উৎসাহ দ্বিগুণ হয়েছে অনেকেরই। আরজেডির সঙ্গে মহাজোটে রয়েছে কংগ্রেস এবং বাম দলগুলি।
সন্দেহ নেই চাণক্যর এই পুর্বানুমান মিলে গেলে তা কেন্দ্রে শাসক জোটের জন্য বড় ধাক্কা বলে বিবেচিত হবে। যদিও সমীক্ষকদের মতে, এটা ঘোর বাস্তব যে এটা বিজেপির রিজেকশন নয়। বরং তা নীতীশের। টানা পনেরো বছর ধরে বিহারে মুখ্যমন্ত্রী তিনি। মানুষ ফের তাঁকে আর মুখ্যমন্ত্রী পদে দেখতে চাইছে না। ৬৩ শতাংশ ভোটারই বদল চাইছে।