দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ অগস্ট দাদু হয়েছেন তিনি। ঠিক তার পরের দিনই করোনা সংক্রমণ ধরা পড়ল অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা তরুণ গগৈয়ের।
বুধবার নিজেই টুইট করে সংক্রমণের কথা জানিয়েছেন তরুণ গগৈ। তিনি লিখেছেন, “গতকাল আমার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যার গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা অবশ্যই তাঁদের কোভিড টেস্ট করিয়ে নিন।”
https://twitter.com/tarun_gogoi/status/1298491278150180864
তরুণ গগৈয়ের ছেলে গৌরব গগৈও কংগ্রেস নেতা। তিনি আবার দিল্লি কংগ্রেসের তরফে বাংলার পর্যবেক্ষকও বটে। গত ২৪ অগস্ট গৌরব কন্যা সন্তানের বাবা হয়েছেন। পরিবারের নতুন সদস্যের ছবি টুইট করে খুশির খবর দিয়েছিলেন তিনি। কিন্তু পরের দিনই জানা গেল তরুণ গগৈ করোনা সংক্রামিত হয়েছেন।
https://twitter.com/GauravGogoiAsm/status/1297613553873059840
যদিও অসমের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা গুরুতর নয় বলেই জানা গিয়েছে। অসম কংগ্রেসের এক মুখাপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আপাতত ৮৫ বছর বয়সী কংগ্রেস নেতা চিকিৎসকদের পরামর্শে হোম আইসোলেশনেই থাকবেন। তরুণ গগৈয়ের স্ত্রী ডলি গগৈয়েরও কোভিড টেস্ট হয়েছিল। যদিও তাঁর রিপর্ট নেগেটিভ এসেছে বলেই খবর। তবে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃদু উপসর্গ রয়েছে বলে খবর।
উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ অসমেই। এর আগে কংগ্রেসের একাধিক বিধায়ক করোনা আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। তা ছাড়া বিজেপি, অসম গণ পরিষদের মতো একাধিক রাজনৈতিক দলের নেতারা কোভিডে আক্রান্ত হয়েছেন। শনিবারই কোভিড সংক্রমণ ধরা পড়েছিল বিজেপির রাজ্যসভার সাংসদ কামাক্ষা প্রসাদ তাসার। তাঁকে জোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অসম কংগ্রেসের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে তরুণ গগৈয়ের বয়স।