আকাশে আতঙ্ক, ওড়ার পরেই বিমানের ইঞ্জিনে আগুন, পাইলটের দক্ষতায় জরুরি অবতরণ
দ্য ওয়াল ব্যুরো : বিমান ওড়ার কিছুক্ষণ পরেই পাইলট দেখেন ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। সঙ্গে সঙ্গে বিমানের জরুরি অবতরণ করান তিনি। ফলে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের এই বিমান। কিন্তু এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্য
শেষ আপডেট: 30 September 2019 05:43
দ্য ওয়াল ব্যুরো : বিমান ওড়ার কিছুক্ষণ পরেই পাইলট দেখেন ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। সঙ্গে সঙ্গে বিমানের জরুরি অবতরণ করান তিনি। ফলে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের এই বিমান। কিন্তু এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
ঘটনাটি রবিবার সন্ধেবেলার। গোয়ার দাবোলিম বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার জন্য উড়েছিল একটি ইন্ডিগো বিমান। বিমানে যাত্রী ছিলেন ১৮০ জন। তার মধ্যে গোয়ার পরিবেশমন্ত্রী নীলেশ কাবরালও ছিলেন। সঙ্গে ছিলেন পরিবেশ দফতরের আরও দুই আধিকারিক।
বিমানবন্দর সূত্রে খবর, বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট দেখতে পান বিমানের বাঁ'দিকের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বিমানবন্দরের কন্ট্রোল রুমে খবর পাঠান। কন্ট্রোল রুম জরুরি অবতরণের নির্দেশ দেয়। তারপর দাবোলিম বিমানবন্দরেই জরুরি অবতরণ করেন পাইলট।
সূত্রের খবর, বিমানবন্দরে তৈরি ছিল দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। যাত্রীদের বের করে নিয়ে আসা হয়।
পরিবেশমন্ত্রী নীলেশ কাবরাল জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে বিমানের যাত্রীরা খুব ভয় পেয়ে গিয়েছিলেন। কিন্তু দক্ষতার সঙ্গে পাইলট জরুরি অবতরণ করেন। তিনি একটি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন বলে জানিয়েছেন। যাত্রীদের কিছুক্ষণ পর অন্য একটি বিমানে করে দিল্লি নিয়ে যাওয়া হয় বলে বিমানবন্দর সূত্রে খবর। এই ঘটনার পর সবাই সুস্থ রয়েছেন বলেই জানানো হয়েছে।
যদিও এই ব্যাপারে ইন্ডিগো সংস্থার তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।