মাউথ অর্গ্যান বাজিয়ে তালে তালে মাথা দোলায় লক্ষ্মী, দেখুন হাতির কাণ্ড
দ্য ওয়াল ব্যুরো : শুঁড়ে ব্যাট ধরে হাতিকে ক্রিকেট খেলতে তো অনেকেই দেখেছেন। সার্কাসের ( এখন সার্কাসে প্রাণীদের খেলা দেখানো বেআইনি ) অন্যতম আকর্ষণ ছিল এই হাতি। কিন্তু ব্যাটের বদলে শুঁড়ে মাউথ অর্গ্যান নিয়ে বাজাতে কখনও দেখেছেন কি? লক্ষ্মী কিন্তু
শেষ আপডেট: 20 January 2019 17:16
দ্য ওয়াল ব্যুরো : শুঁড়ে ব্যাট ধরে হাতিকে ক্রিকেট খেলতে তো অনেকেই দেখেছেন। সার্কাসের ( এখন সার্কাসে প্রাণীদের খেলা দেখানো বেআইনি ) অন্যতম আকর্ষণ ছিল এই হাতি। কিন্তু ব্যাটের বদলে শুঁড়ে মাউথ অর্গ্যান নিয়ে বাজাতে কখনও দেখেছেন কি? লক্ষ্মী কিন্তু সেটাও পারে।
তামিলনাড়ুর থেক্কামপাট্টিতে মাহুতের সঙ্গে থাকে এই লক্ষ্মী। ১০ বছর বয়স এই মাদী হাতির। থেক্কামপাট্টিতে এক মন্দিরের কাজে তাকে ব্যবহার করা হয়। সেইজন্য স্নানের পর সাদা চন্দনে সাজানো হয় তাকে। মাহুতের নাম বালান। তাঁর কথায়, নামের মতোই স্বভাব হাতির, লক্ষ্মী।
নিজে মাউথ অর্গ্যান বাজাতে ভালোবাসেন বালান। তাই একদিন এমনই কৌতূহলেই লক্ষ্মীর শুঁড়ে ধরিয়ে দিয়েছিলেন মাউথ অর্গ্যান। আওয়াজ বেরালেও ছিল না কোনও সুর। তখনই বালানের মনে হয়, লক্ষ্মীকে মাউথ অর্গ্যান শেখালে কেমন হয়। প্রথমে নিজে বাজাতেন লক্ষ্মীর পাশে বসে। তারপর লক্ষ্মীকে শেখাতেন। কিন্তু এই প্রক্রিয়া মোটেও সহজ ছিল না।
বালানের কথায়, "লক্ষ্মীকে মাউথ অর্গ্যান শেখাতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে। ৩-৪ টে মাউথ অর্গ্যান ভেঙে ফেলেছে লক্ষ্মী। কিন্তু আমি শেখানো ছাড়িনি। ধীরে ধীরে সুর আসে। এখন বেশ ভালোই বাজাতে পারে লক্ষ্মী।" সম্প্রতি লক্ষ্মীর মাউথ অর্গ্যান বাজানোর একটা ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, শুধু মাউথ অর্গ্যান বাজানোয় নয়, সুরের তালে মাথাও দোলাচ্ছে লক্ষ্মী। এই মজার অঙ্গভঙ্গির প্রশংসা শোনা গিয়েছে নেটিজেনদের তরফ থেকে।
দেখুন সেই ভিডিও
https://twitter.com/ANI/status/1086986946113667072