দ্য ওয়াল ব্যুরো: গাছ লাগাতে এসে শাসক দলের নেতা ও গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেলেন মহিলা ফরেস্ট অফিসার।
মুখ্যমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে গাছ লাগাও অভিযানে এসেছিলেন মহিলা ফরেস্ট অফিসার। সঙ্গে ছিল এক দল পুলিশও। কিন্তু স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। পরিস্থিতি এতটাই চরমে ওঠে, মহিলা ফরেস্ট অফিসারকে বেধড়ক মারধর করা হয়। ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার কোমারাম ভীম অসিফাবাদ জেলার সিরপুর কাগজনগরে।
তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও সম্প্রতি ‘কালেশ্বরম সেচ প্রকল্প’ উদ্বোধন করেন। ও দিনই ছিল নীতি আয়োগের বৈঠক। এই প্রকল্পকে এতটাই গুরুত্ব দিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী যে, উদ্বোধনের জন্য যাননি নীতি আয়োগের বৈঠকে। এই প্রকল্পকে নিজের স্বপ্নের প্রকল্প বলেছেন কেসিআর। ওই প্রকল্পের একটি অংশ ‘গাছ লাগাও অভিযান’-এ গিয়েছিলেন ওই ফরেস্ট অফিসার সি অনিতা। জমি বিবাদের জেরে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের।
অভিযোগ, শাসক দলের কর্মীরাই লাঠিসোঁটা নিতে তেড়ে আসেন। টিআরএস-র বিধায়কের ভাই ও পুরসভার চেয়ারম্যান কনেরু কৃষ্ণ এই ঘটনায় অন্যতম অভিযুক্ত বলে জানা যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় অনিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা পুলিশের এক শীর্ষ কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,মোট ১৬ জনকে মগ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। ধৃতদের মধ্যে রয়েছেন তেলেঙ্গানার শাসকদলের বিধায়কের ভাই ও স্থানীয় জেলা পরিষদের এক সদস্যও। ফরেস্ট অফিসার অনিতার অবস্থাও স্থিতিশীল বলে জানা গিয়েছে।