লকডাউনের প্রভাব দেখা যেতে পারে মে-র প্রথম সপ্তাহ থেকেই: নীতি আয়োগ
দ্য ওয়াল ব্যুরো: ভারতে লকডাউনের মেয়াদ ৩০ দিন পেরিয়েছে। এই ৩০ দিনে সংক্রমণের মাত্রা ঠিক কী হয়েছে, তা পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু তারপরেও মানুষের মনে প্রশ্ন জাগছে, দিন দিন তো আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাহল
শেষ আপডেট: 24 April 2020 12:37
দ্য ওয়াল ব্যুরো: ভারতে লকডাউনের মেয়াদ ৩০ দিন পেরিয়েছে। এই ৩০ দিনে সংক্রমণের মাত্রা ঠিক কী হয়েছে, তা পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কিন্তু তারপরেও মানুষের মনে প্রশ্ন জাগছে, দিন দিন তো আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তাহলে লকডাউনের প্রভাব কবে থেকে দেখা যাবে। সেই ব্যাপারেই শুক্রবার জানালেন নীতি আয়োগের সদস্য ডক্টর ভি কে পাল।
শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানান ভি কে পাল। নীতি আয়োগের এই সদস্য বলেন, “এই মুহূর্তে ভারতে কোভিড ১৯ সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তার কারণ অবশ্যই টেস্টিং। টেস্ট বেশি হচ্ছে বলে আক্রান্তের খোঁজও পাওয়া যাচ্ছে বেশি। কিন্তু এই আক্রান্তের সংখ্যা এর থেকে বেশি আর বাড়বে না। আমরা আশা করছি মে মাসের প্রথম সপ্তাহ থেকেই লকডাউনের প্রভাব দেখা যাবে। প্রথম সপ্তাহে না হলে দ্বিতীয় সপ্তাহ থেকে তো দেখা যাবেই।”
বর্তমানে যে সারভেইলেন্স বা পর্যবেক্ষণের দিকেই বেশি জোর দেওয়া হয়েছে তাও জানান নীতি আয়োগের এই সদস্য। তিনি বলেন, “বর্তমানে ৯ লক্ষ ৪৫ হাজার মানুষকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবলিঘি জামাত গোষ্ঠীর ৪০ হাজারেরও বেশি সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই পর্যবেক্ষণে রাখার জন্যই ভারতে সংক্রমণের গ্রোথ রেট ধীরে ধীরে কমছে।”
৩ মে-র পরে কী হবে তা নিয়ে শিগগির সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই পরবর্তী রূপরেখা ঠিক করা হবে। বর্তমানে যা খবর, তাতে ৩ মে-র পরে লকডাউন আর বাড়াতে চাইছে না কেন্দ্র। কিন্তু লকডাউন উঠলেও গোটা দেশে একসঙ্গে তা হবে না। যেখানে কোভিড ১৯ সংক্রমণ অনেকটাই কমে গিয়েছে বা নেই, সেখানে লকডাউন শিথিল করা হলেও মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাত প্রভৃতি রাজ্যে বিধিনিষেধ বেশ কয়েক দিন থাকবে বলেই মনে করা হচ্ছে।