দ্য ওয়াল ব্যুরো: আপরাধ জগতের বেতাজ বাদশা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ বলে পরিচিত ব্যবসায়ী ইকবাল মির্চি ও তার পরিবারের বিরুদ্ধে এক বছর ধরে তদন্ত চালাচ্ছিল ইডি। এবার সেই তদন্তের জাল গোটাতে শুরু করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সব মিলিয়ে সোমবার ৮০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২২ কোটির একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিজ করেছেন গোয়েন্দারা।
সোমবার ইডি কর্তারা মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মির্চির সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন। তার মধ্যে রয়েছে, একটি সিনেমা হল, একটি খামার বাড়ি, এবং সাড়ে তিন একর জমি।
ইকবাল মির্চি কয়েক বছর আগে মারা গিয়েছেন। তদন্ত শুরু হওয়ার পর তার স্ত্রী হাজরা, দুই ছেলে জুনাইদ এবং আসিফ দুবাই থেকে লন্ডনে পালিয়ে গেছে বলে সন্দেহ ইডি কর্তাদের। মির্চি পরিবারের ওষুধের ব্যবসা রয়েছে। দুবাই এবং ইংল্যান্ডে এক চেটিয়া ব্যবসা করে তাদের সংস্থা।
ইকবাল মির্চির স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন নিয়ে আদালতে যাচ্ছে ইডি।
এর আগে দুবাইয়ে একটি হোটেল সহ মির্চিদের ২০০ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। ইডি কর্তারা জানিয়েছেন এবারে মোট ৭৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গোয়েন্দারা জানতে পেরেছেন ইকবাল মির্চির দুই ছেলে ব্যবসা নিয়ন্ত্রণ করছে। আরও কোথায় কোথায় নামে বেনামে তাদের সম্পত্তি রয়েছে তাও খতিয়ে দেখছে ইডি।