দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ রুখতে ভারত সরকার অনেক আগে থেকে পদক্ষেপ করার ফলেই সংক্রমণ এখনও এতটা কম। কোভিড-১৯ সংক্রমণ রুখতে সামগ্রিক ভাবে সরকার যে উদ্যোগ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর পুনম ক্ষেত্রপল সিং।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুনম বলেছেন, "অনেক আগে থেকে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল ভারত। সরকারের শীর্ষ আধিকারিক, মন্ত্রীদের উদ্যোগকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন সাধারণ মানুষ। ফলে সার্বিক ভাবে গোটা সরকারি ব্যবস্থা কার্যকর হওয়ায় অন্যান্য দেশগুলির তুলনায় ভারতের সংক্রমণ অনেকটাই কম এবং ধীর গতিতে হচ্ছে।"
মার্চের দ্বিতীয় সপ্তাহে হু-এর এক আধিকারিক পরিকাঠামো খতিয়ে দেখে ভারত সরকারের প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, "ভারত যে ব্যবস্থা নিচ্ছে তা আশাব্যঞ্জক।" বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিন্তা ছিল ভারতের জনসংখ্যা। ১৩০ কোটির দেশে যদি ঠিকঠাক পদক্ষেপ না হয় তাহলে ভয়াবহ ক্ষতি হয়ে যেতে পারে। হু-এর রিজিওনাল ডিরেক্টর বলেছেন, এখনও ভারতের যা পরিস্থিতি তাতে বলা যায় পরিস্থিতি পুরোটাই নিয়ন্ত্রণে রয়েছে।
লকডাউন কী ভাবে উঠবে তারও ব্যাখ্যা দেন হু আধিকারিক। তাঁর কথায়, "লকডাউন উঠবে ধীরে ধীরে। সংক্রমণের এলাকা চিহ্নিত করে ধারাবাহিক টেস্ট করা, আক্রান্তদের বিচ্ছিন্ন করা, আক্রান্তদের সংস্পর্শে আসা মানুষকে আলাদা করার পুরো কাজ না হলে লকডাউন তোলা যাবে না। তাতে নতুন এলাকা সংক্রামিত হতে পারে।"
তিনি আরও বলেন, এখনও ভারতে কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। ভারতে যাঁরা করোনা আক্রান্ত তাঁদের উৎস সম্পর্কে তথ্য জানা গিয়েছে।