দ্য ওয়াল ব্যুরো: সোমবার সন্ধের পর থেকে ধুলোঝড় শুরু হয়েছে দিল্লিতে। সারাদিন অবশ্য মেঘলা ছিল আকাশ। অতিরিক্ত আর্দ্রতার কারণে গুমোট আবহাওয়া ছিল রাজধানীতে। তবে কেবল দিল্লি নয়, সংলগ্ন এলাকাতেও এদিন সন্ধ্যার পর ধুলোঝড় হয়েছে। আইএমডি জানিয়েছে, রাজধানী শহর এবং সংলগ্ন এলাকাত আজ রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৯ শতাংশ।
এ বছর নির্ধারিত দিনে বর্ষা এসেছে দেশে। অর্থাৎ পয়লা জুন কেরলে ঢুকেছে দক্ষিণ-পশ্চিমী মৌসুমী বায়ু। দেশের অন্যান্য প্রান্তেও নির্দিষ্ট সময়েই ঢুকেছে বর্ষা। মৌসম ভবন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের দু’সপ্তাহ আগেই সারা দেশে ছেয়ে গিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে আবহবিদরা জানিয়েছেন, দিল্লি সংলগ্ন এলাকায় জুলাইয়ের ৩-এর পর থেকে মরশুমের বৃষ্টি শুরু হবে। কারণ পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। হরিয়ানার দক্ষিণভাগ দিয়ে গিয়েছে এই নিম্নচাপ অক্ষরেখা। ক্রমশ উত্তর থেকে দক্ষিণে অগ্রসর হচ্ছে সেটি। আর এই নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের কারণেই দিল্লি সংলগ্ন এলাকায় বৃষ্টি শুরু হবে ৩ জুলাইয়ের পর।
সাধারণত জুলাই মাসের ৮ তারিখের মধ্যে সারা দেশে ছেয়ে যায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে এ বছর নির্ধারিত সময়ের ১২ দিন আগেই সারা দেশে ঢুকে পড়েছে বর্ষা। সাধারণত জুনের ২৭ তারিখ নাগাদ দিল্লিতে বর্ষা আসে। এবার সেটাও এসেছে ২ দিন আগে। গত বৃহস্পতিবার ২৭ জুন আইএমডি জানিয়েছিল যে দিল্লিতে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে দিল্লিতে এখন বর্ষা এসে গেলেও সেভাবে বৃষ্টি হবে না। ব্বরং শুষ্ক থাকবে আবহাওয়া। জুলাইয়ের ৩ তারিখের পর শুরু হবে বৃষ্টি। এমনটাই জানিয়েছে স্কাইমেট।
মৌসম ভবন আগেই জানিয়েছিল যে এ বছর বৃষ্টির পরিমাণ থাকবে একদম স্বাভাবিক। অর্থাৎ এ বারের বর্ষার মরশুমে সারা দেশেই যে বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে হবে সে কথা স্পষ্ট। যার ফলে চাষের কাজে সুবিধা হবে।