আয়কর রিটার্ন দাখিলের সময় ফের বাড়াল কেন্দ্র, লকডাউনের জন্যই সিদ্ধান্ত
দ্য ওয়াল ব্যুরো: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় আগেই অর্থমন্ত্রক জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবর্ষের রিটার্ন ৩১ জুলাইয়ের বদলে ৩১ অক্টোবরের মধ্যে জমা দেওয়া যাবে। এবার সেই সময়সীমা বাড়িয়ে ৩০
শেষ আপডেট: 13 May 2020 13:00
দ্য ওয়াল ব্যুরো: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে লকডাউন শুরু হওয়ায় আগেই অর্থমন্ত্রক জানিয়েছিল, ২০১৯-২০ অর্থবর্ষের রিটার্ন ৩১ জুলাইয়ের বদলে ৩১ অক্টোবরের মধ্যে জমা দেওয়া যাবে। এবার সেই সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর, ২০২০ করা হল। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই ঘোষণা করেন।
আয়কর অ্যাসেসমেন্টের সময়সীমাও অনেকটা বাড়ল কেন্দ্র। পুরনো সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর, ২০২০। সেটা বাড়িয়ে করা হল ৩১ মার্চ, ২০২১।

যে সব করদাতাদের সঙ্গে আয়কর বিভাগের বিভিন্ন মামলা চলছে তাদের সুবিধার জন্য বিবাদ মিটিয়ে নিতে গত সাধারণ বাজেটেই 'বিবাদ সে বিশ্বাস' প্রকল্প ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন তিনি জানালেন সেই প্রকল্প চলবে ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত।
মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে লকডাউন পরবর্তী পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্যাকেজে কী কী থাকবে তার প্রথম দফার ঘোষণা এদিন করল অর্থমন্ত্রক। সেই ঘোষণায় বিপর্যয়ের মুখে পড়া দেশের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের সুরাহার জন্য একগুচ্ছ প্রকল্পের কথা বলা হয়। সেই সঙ্গে আয়কর রিটার্নের সময়সীমা বাড়ানো হল। এর ফলে ব্যক্তিগত করদাতাদের পাশাপাশি অনেক সংস্থাও উপকৃত হবে বলে দাবি কেন্দ্রের।