দ্য ওয়াল ব্যুরো: নৃশংস! গাড়ির সঙ্গে বেঁধে রাখা হয়েছে একটি কুকুরকে। আর ওই অবস্থাতেই এগিয়ে চলেছে গাড়ি। সেইসঙ্গে রাস্তার উপর দিয়ে টেনে-হিঁচরে নিয়ে যাচ্ছে কুকুরটিকেও। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তকে গ্রেফতারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। অভিযোগ পেয়ে ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে কেরলের এর্নাকুলমে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম ইউসুফ। তার বয়স ৬২টি বছর। গাড়িটি তার নিজের। সে নিজেই চালাচ্ছিল গাড়িটি। চেঙ্গামান্ড পুলিশ স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন, “ইউসুফের বাড়ির সামনে থাকত কুকুরটি। তার চিৎকারে নাকি ইউসুফের খুব সমস্যা হত। তাই সে ঠিক করে কুকুরটিকে এলাকা থেকে বাইরে নিয়ে যাবে। তাই কুকুরটিকে গাড়ির পিছনে বেঁধে টেনে নিয়ে যায় সে।”
যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রথমে গাড়ির পিছনে বাঁধা অবস্থায় ছুটছে কুকুরটি। কিন্তু পরে গাড়িটি আরও জোরে চলতে শুরু করলে সে আর দৌড়তে পারেনি। তখন দেখা যায় রাস্তার উপর দিয়ে কুকুরটিকে টেনে-হিঁচরে নিয়ে যাচ্ছে গাড়িটি।
শুক্রবার বেলা ১১টা নাগাদ এই ঘটনা ঘটে। অখিল নামের এক যুবক নিজের বাইকে করে হাসপাতাল থেকে ফেরার পথে এই ঘটনা দেখে তার ভিডিও তোলেন। তিনি জানান, দূর থেকে দেখে মনে হচ্ছিল গাড়িটিকে তাড়া করেছে কুকুরটি। কিন্তু কাছে গিয়ে দেখতে পাই সেটি গাড়ির সঙ্গে বাঁধা রয়েছে।
এই ভিডিও ভাইরাল হতেই দ্রুত পদক্ষেপ নেয় কেরল পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তারা। প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যানলস আইনের আওতায় মারধর, খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়। তারপরেই গ্রেফতার করা হয় ইউসুফকে। যদিও জামিনে ছাড়া পেয়েছে সে।
পুলিশ সূত্রে খবর, রাস্তার উপর দিয়ে বেশ খানিকটা হিঁচরে যাওয়ার জন্য চোট পেয়েছে কুকুরটি। তাকে পশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছুদিনের মধ্যে সে ঠিক হয়ে গেলে তাকে পশুদের নিয়ে কাজ করা কোনও স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।