দ্য ওয়াল ব্যুরো: চোদ্দর লোকসভায় বিজেপি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল বক্সার বিজেন্দ্র সিংয়ের। সোশ্যাল মিডিয়ায় একে অন্যের প্রশংসা থেকে শুরু করে একসঙ্গে দুজনে কোনও অনুষ্ঠানে যোগ দেওয়া, সব কিছুই করতে দেখা গিয়েছে তাঁদের। কিন্তু পরিসংখ্যান বদলেছে। উনিশের লোকসভায় দক্ষিণ দিল্লির কংগ্রেস প্রার্থী হয়েছেন অলিম্পিক পদকজয়ী এই বক্সার। আর তারপরেই মোদীর বিরুদ্ধে মুখ খুললেন তিনি। বললেন, ‘আমি জানতাম না মুখোশের নীচে আসল মুখটা ঠিক কী রকম?’
সোমবার দিল্লির কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিজেন্দ্রর নাম। তারপরেই তিনি বলেছেন, “আমার সঙ্গে ওনার ( মোদীর ) সম্পর্ক ভালোই ছিল। ২০১৬ তে প্রথম পেশাদারি বক্সিংয়ে জেতার পর উনি আমাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। ওনার সঙ্গে আমার ছবিও আছে। কিন্তু আমি বুঝতে পারিনি মুখোশের নীচে আসল মুখটা ঠিক কী রকম?” বিজেন্দ্র আরও বলেন, “চোদ্দর নির্বাচনী প্রচারে মোদী বলেছিলেন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ থেকে ২০ লক্ষ টাকা এমনই ঢুকে যাবে। আমার কাছে এখনও সেই ইউটিউব ভিডিয়ো আছে। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কিন্তু গরিব মানুষ এটা বিশ্বাস করে তাঁকে ভোট দিয়েছিল। উনি ওনার প্রতিশ্রুতি রাখতে পারেননি।”
২০১৪ নির্বাচনী প্রচারে মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে বিদেশ থেকে কালো টাকা দেশে ফিরিয়ে আনবেন তিনি। ফলে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা ঢুকে যাবে। কিন্তু ভোটে জেতার পরে বিজেপি সভাপতি অমিত শাহ সংবাদমাধ্যমের সামনে বলেন, ওই প্রতিশ্রুতি জুমলা ছিল। এই বিষয় নিয়েই মোদীকে বিঁধলেন বিজেন্দ্র।
এ দিন তাঁর কংগ্রেসে যোগ দেওয়ার কারণও খোলসা করে বলেন ভারতীয় বক্সিংয়ের মুখ। তিনি বলেন, “আমার দৃষ্টিভঙ্গি, চিন্তা-ভাবনা, আদর্শ সবকিছু কংগ্রেসের সঙ্গে মেলে। কংগ্রেসের একটা ভবিষ্যৎ চিন্তা আছে, পরিকল্পনা আছে। কংগ্রেসে শিক্ষিত লোক আছেন, ভালো নেতা আছেন, তাঁরা ভবিষ্যতের কথা বলেন, উন্নত দেশের কথা বলেন। আমিও তাই তাঁদের সঙ্গে দেশের ভালো করতে চাই।” সূত্রের খবর, প্রথমে ঠিক করা হয়েছিল দক্ষিণ দিল্লি কেন্দ্রের জন্য ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গায় অভিযুক্ত সজ্জন কুমারের ভাই রাকেশ কুমারকে কংগ্রেসের প্রার্থী করা হবে। কিন্তু তারপর নিজেদের সিদ্ধান্ত পাল্টে বিজেন্দ্র সিংকে টিকিট দেয় কংগ্রেস। এ ছাড়াও দিল্লির তিনবারের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতও উত্তর-পূর্ব দিল্লি থেকে ভোটে লড়ছেন। ১২ মে দিল্লির সাতটি কেন্দ্রে হবে ভোটগ্রহণ।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/news-world-india-sent-three-alerts-to-sri-lanka-before-easter-sunday-attack/