
শেষ আপডেট: 4 November 2019 12:01
রবিবার এমন দৃশ্যই দেখা গিয়েছে যমুনা নদীতে। সৌজন্যে দিল্লির ভয়ানক দূষণ। তথ্য বলছে হাজার পেরিয়েছে এয়ার কোয়ালিটি ইনডেক্স। তবে এই দুর্গন্ধযুক্ত ভয়ানক বিষাক্ত ফেনার মধ্যে দাঁড়িয়েই ছট পুজো সেরেছেন অসংখ্য ভক্ত। নারী পুরুষ নির্বিশেষে ওই দূষণের মধ্যেই সামিল হয়েছিলেন ছটের পুজোতে। হাঁটু সমান জল সঙ্গে সাদা বিষাক্ত ধোঁয়ার ফেনা, এর মধ্যে দাঁড়িয়ে দিব্যি সেলফিও তুলেছেন অনেকেই।
তথ্য অনুযায়ী যমুনা নদী দেশের সবচেয়ে দূষিত নদীগুলির মধ্যে একটি। রাজধানীর উনিশটি নালার জল এসে এই নদীতে মেশে, যার ফলে ৯৯ শতাংশ দূষণ হয়। তার মধ্যে চলতি বছর দীপাবলির পর দিল্লির মারাত্মক দূষণ আরও প্রভাব ফেলেছেন যমুনা নদীতে। আর এই বিষাক্ত ধোঁয়া যে জনজীবনে মারাত্মক খারাপ প্রভাব ফেলে সে কথাও বলছেন পরিবেশবিদ এবং চিকিৎসকরা।
দীপাবলির পর থেকেই রাজধানী শহরে দূষণের মাত্রা বেড়েছে। আর শনিবার হাল্কা বৃষ্টির পর থেকে এয়ার কোয়ালিটি ইনডেক্স দেখে আঁতকে উঠছেন দিল্লিবাসী। একলাফে লাগামছাড়া হয়েছে দূষণের মাত্রা। ধোঁয়াশায় ঢেকেছে গোটা দিল্লি। কমেছে দৃশ্যমানতা। দমবন্ধ করা পরিবেশ শহর এবং শহরতলির প্রায় সর্বত্রই। ৪ নভেম্বর থেকে জোড়-বিজোড় নীতিতে চলছে গাড়ি। রবিবার পরিস্থিতি ছিল সবচেয়ে খারাপ। মঙ্গলবার পর্যন্ত বন্ধ রয়েছে স্কুল-কলেজ। পরিস্থিতি অনুযায়ী ছুটি আরও বাড়তে পারে বলে জানিয়েছে কেজরিওয়াল সরকার। 