দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে পরীক্ষা করা হয়েছিল। কিন্তু পরীক্ষার রিপোর্ট আসার আগেই ভারত ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি দিয়েছেন দিল্লির এক যুবক। পরে রিপোর্ট আসায় দেখা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত তিনি। এই মুহূর্তে তাঁর বাবা-মায়ের নমুনা নেওয়া হয়েছে পরীক্ষার জন্য।
জানা গিয়েছে, ৪৪ বছরের ওই যুবক দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিজেদের পরীক্ষা করিয়েছিলেন। মঙ্গলবার সেই পরীক্ষার রিপোর্ট আসলে জানা যায়, তিনি দিল্লিতে করোনা আক্রান্ত অষ্টম ব্যক্তি। কিন্তু রিপোর্ট পাওয়ার আগেই সিঙ্গাপুরে চলে গিয়েছেন তিনি।
দিল্লি সরকারের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, “ওই যুবক ইতিমধ্যেই দেশ ছেড়েছেন। ভারতের পাশপাশি তিনি সিঙ্গাপুরেও থাকেন। মার্চে তিনি কানাডাও গিয়েছিলেন। তাঁর বাবা-মা দিল্লির সাকেতে থাকেন। তাঁদের নমুনা নেওয়া হয়েছে। দেশে ফেরার পরে বাড়ির পরিচারক ও ড্রাইভার-সহ আরও আটজনের সংস্পর্শে এসেছিলেন তিনি। সেই আটজনকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, “দুটি দেশ ঘুরে ভারতে আসায় নিয়ম অনুযায়ী দিল্লি রাম মনোহর লোহিয়া হাসপাতালে পরীক্ষার জন্য গিয়েছিলেন ওই যুবক। কারণ যে দুটি দেশ থেকে তিনি এসেছিলেন সেখানে ইতিমধ্যেই এই ভাইরাস ছড়িয়েছে। কিন্তু রিপোর্ট আসার আগেই কাউকে না জানিয়ে দেশ ছেড়েছেন তিনি। এই কারণে তাঁর বিরুদ্ধে দিল্লি সরকার ব্যবস্থা নিতে পারে।”
রাজধানীতে এর আগে যে সাতজনের মধ্যে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে, তাঁদের মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর একজন বয়স্ক মহিলার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই রাম মনোহর লোহিয়া ও সফদরজং হাসপাতালে ২৫০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। সব রকমের জমায়েত নিষিদ্ধ করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। বন্ধ করা হয়েছে স্কুল, কলেজ, সিনেমা হল, অডিটোরিয়াম ও ক্লাব।