দ্য ওয়াল ব্যুরো: দিল্লির হিংসায় নিহত গোয়েন্দা অফিসার অঙ্কিত শর্মার পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দুপুরে একটি টুইট করে কেজরিওয়াল লেখেন, “অঙ্কিত শর্মা একজন সাহসী গোয়েন্দা অফিসার ছিলেন। দিল্লির দাঙ্গায় তাঁর প্রাণ গিয়েছে। তাঁদের মতো অফিসারের জন্য দেশ গর্বিত। তাঁর জন্য দেশ গর্বিত। দিল্লির সরকার সিদ্ধান্ত নিয়েছে, নিহত অঙ্কিত শর্মার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। তাঁর পরিবারের একজনকে চাকরিও দেবে সরকার। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।”
কেন্দ্রীয় সরকার আগেই দিল্লির দাঙ্গায় নিহত পুলিশ কনস্টেবল রতন লালের পরিবারের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরনের কথা ঘোষণা করেছিল। তাঁর স্ত্রীকে চাকরির প্রস্তাবও দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
তবে অঙ্কিত শর্মার নিহত হওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছে আপ। একতি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে আপ কাউন্সিলর তাহির হুসেনের বাড়ির ছাদ থেকে সোডার বোতল এবং পাথরবৃষ্টি করছিল একদল লোক। তখনই অঙ্কিতের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তাহিরের বাড়ির সামনের নর্দমা থেকেই উদ্ধার হয়েছিল অঙ্কিতের দেহ।
অনেকের প্রশ্ন, বিতর্কে জড়িয়েই কি ক্ষতিপূরণের কথা মনে পড়ল কেজরিওয়াল সরকারের? তাঁদের বক্তব্য, অঙ্কিতের দেহ উদ্ধার হয়েছে এক সপ্তাহ কাটতে চলল। এতদিন লেগে গেল ক্ষতিপূরনের অঙ্ক আর পরিবারের একজনকে চাকরির কথা ঘোষণা করতে?
গত সপ্তাহে টানা তিনদিন ধরে উত্তর-পূর্ব দিল্লিতে তাণ্ডবলীলা চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই হিংসার আগুন দাউদাউ করে জ্বলতে থাকে রাজধানীরই একটি প্রান্তে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৪৬ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন পুলিশকর্মী ও গোয়েন্দা অফিসারও। আহত হয়ে হাসপাতালে রয়েছেন ২০০-র বেশি মানুষ।