দ্য ওয়াল ব্যুরোঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের দেহ হাসপাতাল থেকে শেষকৃত্যের জন্য নিজের অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যেতেন তিনি। এই কাজ করতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হন ওই অ্যাম্বুল্যান্স চালক। ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরে শনিবার মৃত্যু হয়েছে ওই চালকের।
ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। জানা গিয়েছে, ওই চালকের নাম আরিফ খান। দিল্লিতে শহিদ ভগত সিং সেবা দলের হয়ে অ্যাম্বুল্যান্স চালাতেন তিনি। এই সংস্থাটি বেসরকারি সংস্থা। কিন্তু তাদের অ্যাম্বুল্যান্স দিল্লির একাধিক হাসপাতালের হয়ে কাজ করে। সেখানেই একটি অ্যাম্বুল্যান্স চালাতেন তিনি।
জানা গিয়েছে, করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে যাঁরা কোভিডে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাঁদের দেহ বিভিন্ন হাসপাতাল থেকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার কাজ করছে শহিদ ভগত সিং সেবা দলের অ্যাম্বুল্যান্সগুলি। যখন যে হাসপাতাল থেকে ডাকা হত সেই হাসপাতালে অ্যাম্বুল্যান্স নিয়ে যেতেন আরিফ খান। তারপরে মৃতদেহ নিয়ে রওনা দিতেন শেষকৃত্যের উদ্দেশে।
পরিবারের লোকেরা জানিয়েছেন, এই ঝুঁকির কাজ করতে গিয়েই করোনা আক্রান্ত হন আরিফ। পরিবারের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায় তার জন্য বহুদিন বাড়ির বাইরে থাকতেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পরে একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই বেশ কিছুদিন ভর্তি থাকার পরে শনিবার মৃত্যু হয় তাঁর।
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ পেরিয়ে গিয়েছে। ধীরে ধীরে আমেরিকার কাছে এগোচ্ছে এই দেশ। শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯১৮ জনের। অর্থাৎ দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন।
দেশে রাজ্যগুলির মধ্যে ৬ নম্বরে রয়েছে দিল্লি। রাজধানীতে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৫৫৯ জন। তার মধ্যে ৫৭৪০ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৭৮ হাজার ৮১২ জন। অর্থাৎ এই মুহূর্তে ২২ হাজার ৭ জন অ্যাকটিভ রোগী রয়েছেন রাজধানীতে।
ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফে জানানো হয়েছে, দিল্লিতে শীতের মধ্যে ফের একবার সংক্রমণের ঢেউ দেখা যেতে পারে। সেই সময় ফের প্রতিদিন প্রায় ১৫ হাজার মানুষ আক্রান্ত হতে পারেন রাজধানীতে। এই বিষয়ে আগে থেকে কেজরিওয়াল সরকারকে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।