দ্য ওয়াল ব্যুরো: রবিবারই শেষ হয়ে গেল উনিশের লোকসভা নির্বাচন। এ বারের ভোটে নির্বাচন কমিশন রাজ্যে মোতায়েন করেছিল বিশাল কেন্দ্রীয় বাহিনী। যত দফা বেড়েছে, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়েছে। তারপরেও প্রতি দফায় বেড়েছে সংঘর্ষের ঘটনা। আর তাই ভোট মিটে গেলেও পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা হতে পারে, এমনটাই ধারণা কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের। আর তাই ভোট মিটে গেলেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখার আবেদন করলেন তিনি।
শেষ দফার ভোটের দিন দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক সম্মেলন করেন সীতারমণ। তখন তিনি বলেন, "পশ্চিমবঙ্গে প্রতি দফাতেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রচুর বিজেপি কর্মী-সমর্থক আক্রান্ত হয়েছেন। কিন্তু মার খেয়েও তাঁরা জমি ছাড়েননি। তৃণমূলের সঙ্গে সমান তালে লড়াই করেছেন। কিন্তু ভোট মিটে গেলে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে ফের বিজেপি সমর্থকরা আক্রান্ত হতে পারেন বলে আমাদের ধারণা। রাজ্য পুলিশকে ব্যবহার করেও বিজেপি কর্মীদের হেনস্থা করা হতে পারে। আর তাই এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করছি, যাতে ভোট মিটে গেলেও ২৩ মে ফল ঘোষণা পর্যন্ত পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে।"
সীতারমণের করা এই মন্তব্যের পর রাজ্যের এক তৃণমূল নেতার বক্তব্য, "এ রাজ্যে তৃণমূল কর্মী-সমর্থকরা কিছু করেননি। যা গণ্ডগোল, অশান্তি পাকিয়েছে, বিজেপি পাকিয়েছে। তাতে মদত দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় তারা ভোটারদের প্রভাবিত করেছে। বিজেপির হয়ে ভোট করানোর চেষ্টা করেছে। কিন্তু তারপরেও মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের প্রতিনিধিদেরই ভোট দিয়েছেন। সেটা বিজেপি বুঝতে পেরেছে। তাই ফল বেরোন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী রাখার কথা বলে ফের সন্ত্রাস সৃষ্টি করতে চাইছেন। আর নির্বাচন কমিশনও তো বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছে। তাই এই আবেদনে সাড়া দিতেই পারে কমিশন। তবে এ সব করে কিছু হবে না।"
এই ঘটনার পর রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এই রাজ্যে ভোট চলাকালীন বারবার তৃণমূল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছে। এমনকী নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর তাই ভোটের ফল বেরোন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে রাজ্যে রাখার আবেদন জানিয়ে শাসকদলের উপরেই চাপ বাড়ানোর চেষ্টা করল বিজেপি। সেই সঙ্গে নিজেদের কর্মী-সমর্থকদের মনে সাহস জোগানোর চেষ্টাও করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/moon-moon-sen-says-this-is-a-tiny-bit-of-violence/