দ্য ওয়াল ব্যুরো : দক্ষিণী ছবির নামকরা অভিনেতা সুপারস্টার নাগার্জুনের ফার্মহাউস থেকে উদ্ধার হয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচা-গলা দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে হায়দরাবাদের শাদনগর ব্লকের পাপিরেদ্দিগুদা গ্রামে নাগার্জুনের ফার্মহাউস থেকে এই দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে ওই ফার্মহাউসের জমিতে কী ফসলের চাষ করলে ভালো হবে, তা পরীক্ষা করে দেখার জন্য কয়েকজনকে পাঠিয়েছিলেন অভিনেতা। তাঁরাই ওই দেহ উদ্ধার করেন।
জানা গিয়েছে, ফার্ম হাউসের একটি ঘরে ওই দেহ শোয়ানো ছিল। তা এতটাই পচে গিয়েছে যে বিকট গন্ধ বের হচ্ছিল। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
কেশামপেট থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই ওই ব্যক্তির ব্যাপারে খোঁজ-খবর শুরু করবে পুলিশ।
জানা গিয়েছে, কয়েকদিন আগেই ওই ফার্মহাউসে গিয়েছিলেন নাগার্জুন ও তাঁর পরিবার। তাঁরা সেখানে কিছু চারাগাছও লাগান। অভিনেতার পরিকল্পনা ছিল ফার্মহাউসের জমিতে কিছু অরগ্যানিক সবজি ও ফলের চাষ করবেন। তাই জন্যই বিশেষজ্ঞদের মাটি পরীক্ষা করতে পাঠানো হয়েছিল।
বছর খানেক আগে ৪০ একর জায়গার উপর এই ফার্মহাউস কিনেছিলেন নাগার্জুন। এই দেহ পাওয়ার পর অবশ্য অভিনেতা বা তাঁর পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।