দ্য ওয়াল ব্যুরো: ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা এখন অথৈ জলে। সর্বোচ্চ ৫০ হাজার টাকার বেশি তুলতে পারবেন না তাঁরা। এমনই নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। ৩ এপ্রিল পর্যন্ত এই নয়া নির্দেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তার মধ্যেই শনিবার রাতে গ্রাহকদের জন্য টুইট করে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ডেবিট কার্ড হোল্ডাররা ইয়েস ব্যাঙ্ক ও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।
শনিবার রাতে ইয়েস ব্যাঙ্কের তরফে টুইট করে জানানো হয়েছে, "আপনারা এবার থেকে ইয়েস ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক ও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।"
https://twitter.com/YESBANK/status/1236349470402441216?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1236349470402441216&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fyes-bank-atm-withdrawals-in-late-night-tweet-yes-bank-says-card-holders-can-withdraw-from-atms-2191695
সঙ্কটে থাকা ইয়েস ব্যাঙ্কের জন্য রিজার্ভ ব্যাঙ্ক পুনরুজ্জীবনের প্যাকেজ বা মোরাটোরিয়াম ঘোষণা করে গত বৃহস্পতিবার। সেখানে বলা হয়েছে, সর্বোচ্চ ৫০ হাজারের বেশি টাকা কোনও গ্রাহক তুলতে পারবেন না। জানানো হয়, ইয়েস ব্যাঙ্কের কাজকর্মের সূচনা এবং কাজ চালিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের এই মোরাটোরিয়ামের পরেই দেখা যায় ইয়েস ব্যাঙ্কের এটিএমের সামনে গ্রাহকদের লম্বা লাইন। কিন্তু দেখা যায়, বেশিরভাগ এটিএম মেশিনেই টাকা নেই। এই ঘটনায় আরও বেশি আতঙ্ক ছড়ায় গ্রাহকদের মধ্যে। ললিত কুমার নামের ইয়েস ব্যাঙ্কের এক গ্রাহক জানিয়েছেন, "ইন্টারনেট ব্যাঙ্কিং কাজ করছে না। ক্রেডিট কার্ড দিয়েও কিছু করা যাচ্ছে না। তাই আমি চেক ইস্যু করে টাকা তুলেছি।"
শুক্রবার গ্রাহকদের উদ্দেশে চিঠি দিয়ে ইয়েস ব্যাঙ্ক জানিয়েছে, প্রত্যেকের টাকা সুরক্ষিত আছে। এই চিঠিতে সই করেছেন স্টেট ব্যাঙ্কের প্রাক্তন সিএফও প্রশান্ত কুমার। তাঁকে ইয়েস ব্যাঙ্কের অ্যাডমিনিস্টেটর হিসেবে নিয়োগ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই চিঠিতে আরও লেখা হয়েছে, যে সমস্যা হয়েছে তা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এক মাসের মধ্যেই সমস্যা মিটে যাবে বলে আশা করা হচ্ছে।
শুক্রবার ইয়েস ব্যাঙ্কের জন্য একটা পথ বের করেছে কেন্দ্রীয় সরকার। ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার এই মুহূর্তে স্টেট ব্যাঙ্ককে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন, "অনেকেই বিনিয়োগ করতে চাইছেন। স্কিম দেখে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। যদি কোনও বিনিয়োগকারী ৫ শতাংশের বেশি বিনিয়োগ করতে চান, তাহলে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী কাজ করতে হবে তাঁদের।"
এদিকে ৩১ ঘণ্টা ধরে জেরা করার পরে শনিবার রাতে ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।