দ্য ওয়াল ব্যুরো: গত বছর অগস্ট মাসে জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকে সেখানকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। প্রায় ছ’মাস পরে গত ২৫ জানুয়ারি ফের মোবাইল পরিষেবা চালু হয়েছে উপত্যকায়। কিন্তু তারপরেও মাঝেমধ্যেই বন্ধ করা হচ্ছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। বিশেষ বিশেষ দিনে বন্ধ করে দেওয়া হচ্ছে পরিষেবা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
মঙ্গলবার গোটা কাশ্মীরেই বন্ধ করা হয়েছিল ২জি মোবাইল পরিষেবা। সন্ধ্যার পর থেকে অবশ্য কিছু কিছু জায়গায় মোবাইল পরিষেবা ফেরে। কিন্তু বেশ কিছু এলাকায় গোটা দিনই মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। গতকাল জম্মু-কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের ( জেকেএলএফ ) প্রতিষ্ঠাতা মহম্মদ মকবুল ভাটের ৩৬তম মৃত্যুদিন ছিল। এই উপলক্ষ্যে বন্ধের ডাক দিয়েছিল জেকেএলএফ। তাই এই ব্যবস্থা নিয়েছিল প্রশাসন।
গত তিনদিনে এই নিয়ে দু’বার মোবাইল পরিষেবা সাময়িকভাবে বন্ধ করা হল জম্মু-কাশ্মীরে। রবিবার সংসদে হামলা চালানো আফজল গুরুর মৃত্যুদিন থাকায় সে দিনও উপত্যকায় বন্ধের ডাক দিয়েছিল জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট। এই পরিস্থিতিতে যাতে কোনও উত্তেজনা না হয়, তার জন্য এই ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। এই দু’দিন অবশ্য উপত্যকার রাস্তাঘাট ছিল ফাঁকা। দোকানপাঠ ছিল বন্ধ।
শ্রীনগরের পুলিশ আধিকারিক হাসিব মুঘল জানিয়েছেন, ১২টি পুলিশ স্টেশনের আওতায় থাকা একাধিক এলাকাতে এই পরিষেবা বন্ধ করা হয়েছিল। উত্তরের ৫টি, হজরতবলের ৩টি, পূর্ব ও দক্ষিণের ২টি থানা এলাকায় মোবাইল পরিষেবা বন্ধ করা হয়েছে। এই দু’দিন বেশিরভাগ দোকানপাঠ বন্ধ থাকলেও শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি ও অটো চলাচল করেছে। কিন্তু রাস্তাঘাটে বেশি মানুষ ছিলেন না।
জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের মতো বিচ্ছিন্নতাবাদী দলকে তিন বছর আগে কেন্দ্র নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সংগঠনই আফজল গুরু ও মকবুল ভাটের মৃত্যুদিন উপলক্ষ্যে বন্ধের ডাক দিয়েছিল। উপত্যকার উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকে এই প্রথম কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠন সেখানে বন্ধের ডাক দিল। তাই যাতে কোনওভাবেই সেখানকার শান্তি-শৃঙ্খলা নষ্ট না হয়, তাই এই মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।