দ্য ওয়াল ব্যুরো: করোনা আক্রান্তের সংখ্যা দেশে ২০০ ছাড়িয়েছে। এর মধ্যেই একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। মেনে চলতে বলা হয়েছে একাধিক নির্দেশিকা। একসঙ্গে বেশি লোকের জমায়েত করতে নিষেধ করা হচ্ছে। কিন্তু এর মধ্যেই দেখা গেল এক অদ্ভুত ঘটনা। বিয়ে করলেন এক যুগল। মাস্ক পরেই বিয়ে সারলেন তাঁরা।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। শুধুমাত্র মাস্ক পরে বিয়ে করাই নয়, বিয়েতে উপস্থিত অতিথিদের জন্যও মাস্কের ব্যবস্থা করা হয়েছিল। ব্যবস্থা ছিল হ্যান্ড স্যানিটাইজারেরও। বিয়েতে উপস্থিত জন পঞ্চাশেক অতিথির জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু সেই খাবার অবশ্য বিয়েবাড়িতে রান্না করা হয়নি। তাই ব্যবস্থা করা হয়েছিল প্যাকেজড খাবারের। মাস্ক পরেই বিয়ে করেছেন দম্পতি। এমনকি সব অনুষ্ঠান সেরেছেন মাস্ক পরেই। মাঝেমধ্যেই ব্যবহার করেছেন হ্যান্ড স্যানিটাইজার।
তবে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পরেই সমালোচনার ঝড়। সবাই বলছেন, এই মুহূর্তে দেশে করোনা ভাইরাসে সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। ইতিমধ্যেই তা ৫২ ছুঁয়েছে। এই মুহূর্তে মহারাষ্ট্র সরকারের তরফে বারবার আবেদন করা হচ্ছে জমায়েত এড়াতে। সেখানে এভাবে কী ভাবে কেউ বিয়ের আয়োজন করতে পারেন। তাঁদের বক্তব্য, যতই ওনারা মাস্ক পরে বা স্যানিটাইজার ব্যবহার করে থাকুন না কেন, যে কোনও ভাবে এই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাহলে তা আরও মারাত্মক হবে।
এই ভিডিও দেখে অনেকে ওই দম্পতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন প্রশাসনের কাছে। তাঁদের বক্তব্য, শক্ত হাতেই এর মোকাবিলা করতে হবে। নইলে এভাবেই কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতার ফলে এই মহামারী আরও ছড়িয়ে পড়বে।