দ্য ওয়াল ব্যুরো : #SareeTwitter, নেট দুনিয়ার নয়া ট্রেন্ড। সেলিব্রিটি থেকে শুরু করে আম জনতা, সবাই শাড়ি পরে সেই ছবি দিচ্ছেন টুইটারে। বেশিরভাগেরই পুরনো দিনের ছবি। নস্ট্যালজিয়ায় ফিরে যাওয়া, আর কী। এ বার শাড়ি পরে ছবি দিলেন বিজেপি সাংসদ তথা গান্ধী পরিবারের সদস্য মানেকা গান্ধী। তাও আবার যে সে শাড়ি নয়, পণ্ডিত জওহরলাল নেহরু নাকি জেলে বসেই বুনেছিলেন সেই শাড়ি।
সম্প্রতি টুইটারে একটি ছবি দিয়েছেন মানেকা। তাঁর ছেলে বরুণ গান্ধী ও যামিনী রায়ের বিয়ের ছবি। সেই ছবিতেই দেখা যাচ্ছে, গোলাপি রংয়ের একটা শাড়ি পরে রয়েছেন মানেকা। সেই ছবির ক্যাপশনেই এই প্রসঙ্গ তুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্রবধূ। ক্যাপশনে তিনি লিখেছেন, "যে সুতির শাড়ি আমি পরে রয়েছি, তা জেলে থাকা অবস্থায় বুনেছিলেন পণ্ডিত নেহরু। এই শাড়ি ৭০ বছর পুরনো। আমি বারাণসীতে আমার ছেলের বিয়েতে সেই শাড়ি পরেছিলাম। আমার পুত্রবধূ যামিনি রায় যে শাড়ি পরে আছে, সেটা আমার শাশুড়ি মা আমায় বিয়ের দিন দিয়েছিলেন। এটাই আমাদের পরিবারের ট্র্যাডিশন।"
মানেকা গান্ধীর এই ছবি টুইট করার পর থেকেই তা ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কমেন্টের বন্যা। সবাই এই বিজেপি সাংসদের শাড়ির তারিফ করতে থাকেন। কেউ আবার বলেন, জেলে বসে এমন সুন্দর শাড়ি বানানো কিন্তু সত্যি খুব কঠিন কাজ। তবে মানেকা প্রথম গান্ধী পরিবারের সদস্য নন, যিনি শাড়ির ছবি পোস্ট করলেন। কয়েকদিন আগে ২২ বছর আগে নিজের বিয়ের দিন সকালের শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন সনিয়া গান্ধীর মেয়ে তথা কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া। সেই ছবি পোস্ট করার পরেও তা নিয়ে প্রচুর আলোচনা হয় নেট দুনিয়ায়। সবাই বলেন, খুব সুন্দর লাগছে প্রিয়ঙ্কাকে।