দ্য ওয়াল ব্যুরো: ফের দিল্লির হাসপাতালে ডাক্তার-নার্সদের হেনস্থা করার অভিযোগ উঠল তবলিঘ-ই-জামাত সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তর বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তব্যে গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে হাসপাতালের রক্ষীদেরও। হাসপাতালে পুলিশ মোতায়েন করার আবেদন জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাটি দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেবেলা সেখানে করোনা আক্রান্ত হয়ে ভর্তি এই জামাত সদস্য এক মহিলা ডাক্তারকে হেনস্থা করে। কোনও রকমে ওই মহিলা ডাক্তার সেখান থেকে পালিয়ে যান। তখন বাকি রোগীদের জড়ো করে ডাক্তার ও নার্সদের হুমকি দেওয়া শুরু করে জামাত সদস্যরা, এমনটাই অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পরে নিরাপত্তারক্ষীদের জানালে তাঁরা প্রোটেকটিভ গিয়ার ছাড়া সেখানে যেতে চাননি। বেশ কিছুক্ষণ পরে প্রোটেকটিভ গিয়ার পরে পরিস্থিতি স্বাভাবিক করেন তাঁরা।
ডাক্তারদের তরফে এই ঘটনার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। তারপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুরো বিষয়টা পুলিশের কাছে জানানো হয়। যে রোগী মহিলা ডাক্তারকে হেনস্থা করেছিল ও বাকি রোগীদের জড়ো করে হুমকি দিচ্ছিল তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পুলিশকে লেখা চিঠিতে বলা হয়েছে, “দিল্লির নিজামুদ্দিন এলাকা থেকে তবলিঘ-ই-জামাতের যে সদস্যদের ভর্তি করা হয়েছে, তারা মাঝেমধ্যেই গণ্ডগোল পাকাচ্ছে। এর ফলে রোগীদের সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। ডাক্তার-নার্সরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই যদি ৪০ জন পুলিশ কর্মীকে ২৪ ঘণ্টা হাসপাতালে রাখা যায়, তাহলে ডাক্তার, নার্স ও অন্য কর্মীদের সুরক্ষার দিকটি অনেক মজবুত হয়।”
বুধবার হাসপাতালের তরফে জারি করা একটা বিবৃতিতে বলা হয়েছে, “মঙ্গলবার সন্ধেবেলা এক রোগী আক্রমণাত্মক হয়ে ওঠে ও এক মহিলা ডাক্তারকে হেনস্থা করা শুরু করে। তাঁর সাহায্যের জন্য অন্য ডাক্তাররা এলে ওই রোগী অন্য রোগীদের নিয়ে দল বেঁধে হুমকি দেওয়া শুরু করে। তখন ডাক্তার ও নার্সরা সেখান থেকে পালিয়ে ডিউটি রুমে নিজেদের আটকে রাখেন। তাঁরা সেখান থেকে নিরাপত্তারক্ষীদের খবর দেন। কিন্তু তাঁরা নিজেদের কাজে দেরি করে। এই গাফিলতির জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। হাসপাতালে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।”
এই প্রথম নয়, এর আগেও জামাত সদস্যদের বিরুদ্ধে মহিলা ডাক্তার ও নার্সদের হেনস্থা করার অভিযোগ উঠেছে দিল্লিতে। ওপারেশন থিয়েটারের বাইরে থুতু ফেলা ও পাশের বাড়ির দিকে প্রস্রাব ভর্তি বোতল ছোড়ারও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। সেইসব ঘটনাতেও অভিযোগ দায়ের হয়েছে থানায়।