দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা শেষ হওয়ার কিছুক্ষণ পরই একাধিক টুইট করে খাবার এবং ওষুধের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করতে চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রধানমন্ত্রী এদিন লকডাউনের সময়সীমাকে আরও ১৯ দিন বাড়িয়ে ৩ মে পর্যন্ত চলবে বলে ঘোষণা করেছেন। তারপরই অমিত শাহ টুইট করে লেখেন, "দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে, দেশে যথেষ্ট পরিমাণে খাদ্য, ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী রয়েছে। কোনও নাগরিকের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।''
লকডাউন বাড়ানোটা যে জরুরি ছিল তাও বলেছেন শাহ। এই সময়ে আরও সমন্বয় বাড়ানো প্রয়োজন বলে রাজ্য সরকারগুলির উদ্দেশে বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি লেখেন, ‘‘এখন আমাদের সমন্বয় বাড়াতে হবে। যাতে সমস্ত মানুষ লকডাউন ঠিকমতো মেনে চলেন এবং কোনও নাগরিককে প্রয়োজনীয় সামগ্রীর জন্য সমস্যায় পড়তে না হয়।''
১০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে কোভিড-১৯ আক্রান্তের হদিশ মিলছে। সিকিম ছাড়া উত্তর-পূর্বের আর কোনও রাজ্যই করোনামুক্ত নয়।
এদিন শাহ বলেন, আগামী ১৯দিন লকডাউন আরও কঠোর ভাবে পালন করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে প্রশাসন আরও গুরুত্ব আরোপ করবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিন আবেদন জানিয়েছেন, যাঁদের আর্থিক সামর্থ্য আছে তাঁরা গরিব মানুষের খাবারদাবারের যোগান দিন। একই আর্জি জানান স্বরাষ্ট্রমন্ত্রীও।