দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস ছড়ানোর জন্য চিনকে অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে বয়কট করার দাবি তুললেন যোগগুরু রামদেব। টুইট করে রামদেব লিখেছেন, আন্তর্জাতিক স্তর থেকে চিনকে বয়কট করা হোক। ভারতও যাতে এ ব্যাপারে কূটনৈতিক পদক্ষেপ নেয় সেই দাবিও জানিয়েছেন পতাঞ্জলীর কর্ণধার।
রামদেব টুইটে লিখেছেন, "চিন অমানবিক কাজ করেছে। সারা পৃথিবীকে বিপদের মুখে ফেলে দিয়েছে ওরা। রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবে ওদের বয়কট করে শাস্তি দেওয়া হোক।" টুইটে যোগগুরু আরও লিখেছেন, "ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। চিনকে বয়কটের ব্যাপারে এক্ষুণি কূটনৈতিক উদ্যোগ নেওয়া উচিত।"
চিনের উহান প্রদেশেই প্রথম করোনা সংক্রমণ শুরু। ডিসেম্বর-জানুয়ারিতে যে ভাইরাস ছিল চিনের ভৌগলিক সীমানায় আবদ্ধ এপ্রিলে সেই কোভিড-১৯ সারা পৃথিবীর ২০০-র কাছাকাছি দেশের ত্রাস। সারা ইউরোপে মৃত্যু মিছিল চলছে। ভাইরাসের ছোবলে আমেরিকাতেও মৃত্যু বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে।
এর আগে একাধিক দেশ চিনের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসকে 'চাইনিজ ভাইরাস' বলে কটাক্ষ করেছিলেন। পরে যদিও চিনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলে একসঙ্গে কাজ করার কথা বলেছিলেন ট্রাম্প।
এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-কেও চিনের এজেন্ট বলে তোপ দেগেছে কোনও কোনও দেশ। দু'দিন আগেই জাপান বলেছিল, হু-এর বদলে নাম রাখা হোক চো (CHO)। কারণ তাদের বক্তব্য, করোনা সংক্রমণ নিয়ে শুরু থেকে চিনকে হাওয়া দিচ্ছে হু।
ভারতেও করোনা সংক্রমণ বাড়ছে। ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে চিনকে বয়কটের দাবি তুললেন রামদেব।