দ্য ওয়াল ব্যুরো: অপহরণের দায়ে অভিযুক্ত স্ব-ঘোষিত গডম্যান নিত্যানন্দর ঘটনায় তদন্তকারী অফিসারদের বিরুদ্ধে আশ্রমের শিশুদের পর্নোগ্রাফি দেখানোর অভিযোগ উঠল। এই অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে শিশু কল্যাণ কমিটির সদস্যরাও রয়েছেন বলে খবর।
পুলিশ সূত্রে খবর, ৬ মার্চ এই ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে এই সংক্রান্ত পিটিশন ফাইল করেছেন নিত্যানন্দের এক শিষ্য গিরীশ তুরলাপাতি। আহমেদাবাদের কাছে হিরাপুর গ্রামে নিত্যানন্দের আশ্রমে থাকেন তিনি। এই পিটিশনের পরে আদালতের নির্দেশে আহমেদাবাদের বিবেকানন্দ নগর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করা হয়েছে। এই থানাতেই গত বছর নভেম্বর মাসে তিন শিশুকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছিল নিত্যানন্দের বিরুদ্ধে।
পিটিশনে গিরীশ জানিয়েছেন, সেই সময় তদন্তকারী অফিসাররা ও শিশু কল্যাণ কমিটির সদস্যরা আশ্রমের শিশুদের খারাপ কথা বলতেন। তাদের মানসিক নির্যাতন করা হত। এমনকি ছেলে-মেয়ে নির্বিশেষে শিশুদের পর্নোগ্রাফি দেখাতেন তদন্তকারী অফিসাররা। এছাড়াও নিজেদের ইচ্ছেমতো জবানবন্দি লিখিয়ে নেওয়ার জন্য শিশুদের ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ করেছেন তিনি।
অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন, ইনস্পেক্টর আর বি রাণা, ডেপুটি পুলিশ সুপার কে টি কামারিয়া, ডেপুটি পুলিশ সুপার রিয়াজ সারওয়ারিয়া, ডেপুটি পুলিশ সুপার এস এইচ শারদা, জেলা শিশু সুরক্ষা অধিকর্তা দিলীপ মের, শিশু কল্যাণ কমিটির চেয়ারম্যান ভবেশ পটেল প্রমুখ। ইতিমধ্যেই এই অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ।