দ্য ওয়াল ব্যুরো: বুধবার জানা গিয়েছিল রেনাল প্যারামিটারে সমস্যা হয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। সেই সমস্যা এখনও রয়েছে। কিন্তু তার মধ্যেই ভাল খবর, রক্তচাপ স্থিতিশীল রয়েছে প্রণববাবুর। যদিও এখনও ফুসফুসে সংক্রমণ নিয়ে ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। গভীর কোমায় রয়েছেন প্রণববাবু।
গত ১৭ দিন ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। এদিন হাসপাতালের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, প্রণববাবু এখনও গভীর কোমায় ও ভেন্টিলেশনে রয়েছেন। ফুসফুসে সংক্রমণ ও রেনাল প্যারামিটারে বদলের চিকিৎসা চলছে তাঁরা। প্রণববাবুর রক্তচাপ স্থিতিশীল রয়েছে।
এর আগে বুধবারের বুলেটিনে সেনা হাসপাতাল জানায়, প্রণববাবুর রেনাল প্যারামিটারে কিছু বদল হয়েছে। চিকিৎসা বিজ্ঞানে এই রেনাল প্যারামিটার বলতে বোঝায়, শরীরে ইউরিয়া, ক্রিয়েটিনিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ক্যালসিয়াম, ফসফরাস, ইউরিক অ্যাসিড প্রভৃতির মাত্রা। এইসব উপাদানের মাত্রায় বদল হলে তার জেরে শরীরে নানা সমস্যার সৃষ্টি হয়। এমনিতেই বয়স হলে শরীরে এই সব উপাদানের মাত্রায় মাঝেমধ্যে হেরফের হয়। প্রণববাবুর এই শারীরিক অবস্থার মধ্যে রেনাল প্যারামিটারে কিছুটা বদল হওয়ায় চিন্তায় পড়েন চিকিৎসকরা।
গত সপ্তাহে বুধবার উদ্বেগ বেড়েছিল প্রণববাবুর শারীরিক অবস্থা নিয়ে। সেনা হাসপাতাল জানায়, ভেন্টিলেটর সাপোর্ট ও কোমায় থাকা অবস্থাতেই তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়েছে। বৃহস্পতিবার অবশ্য কিছুটা উন্নতি হয় বর্ষীয়ান এই নেতার। তাঁর শ্বাসপ্রশ্বাসের যে সমস্যা ছিল বৃহস্পতিবার তা কিছুটা কমে বলে বুলেটিনে জানায় সেনা হাসপাতাল। তারপর শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রণববাবুর শারীরিক অবস্থায় কোনও বদল হয়নি বলেই জানায় হাসপাতাল।
গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন, ১০ অগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রাক্তন রাষ্ট্রপতির কোভিড রিপোর্টও পজিটিভ আসে। মস্তিষ্কে যে রক্ত জমাট বেঁধেছিল তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি তাঁর। এর পরে গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি।
গত রবিবার সকালে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় টুইট করে আশার খবর দিয়েছিলেন। বলেছিলেন, আগের দিন হাসপাতালে গিয়ে তিনি তাঁর বাবাকে দেখে এসেছেন। পরিস্থিতির উন্নতি হয়েছে। ভগবানের কৃপা এবং সাধারণ মানুষের শুভেচ্ছায় প্রণব মুখোপাধ্যায় দ্রুত বাড়ি ফিরে আসবেন।
প্রণববাবু হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর বাড়ি বীরভূমের কীর্ণাহারে শুরু হয়েছে যজ্ঞ ও পুজো। তিনি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত এই প্রার্থনা চলবে বলেই জানিয়েছেন তাঁর পরিবার ও গ্রামের মানুষ। প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন অনেকেই।