সবাইকে টাকা দিচ্ছে না কেন্দ্র, ১৮ শতাংশ করও দিতে হবে না সরকারকে, সত্য জেনে সতর্ক থাকুন
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে ভুয়ো তথ্য ও গুজব ছড়ানোর ব্যাপারে বারবার সতর্ক করেছে কেন্দ্র। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোনও রকমের গুজব কেউ ছড়ালে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নানা খ
শেষ আপডেট: 26 April 2020 12:26
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের মধ্যে ভুয়ো তথ্য ও গুজব ছড়ানোর ব্যাপারে বারবার সতর্ক করেছে কেন্দ্র। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কোনও রকমের গুজব কেউ ছড়ালে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে নানা খবর। তাদের মধ্যে অনেক খবরই ভুয়ো। তেমনই দুটি খবরের ব্যাপারে সাধারণ মানুষকে কেন্দ্রের তরফে জানিয়ে সতর্ক করা হল।
রবিবার প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফে দুটি টুইট করে একথা জানানো হয়। প্রথম টুইটে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরে বেড়াচ্ছে যে করোনা সহায়তা যোজনা নামে একটা প্রকল্প কেন্দ্রের তরফে চালু করা হয়েছে। এই যোজনার মাধ্যমে সবাইকে ১০০০ টাকা করে দেওয়া হচ্ছে। এর জন্য একটা লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করলেই টাকা চলে আসবে অ্যাকাউন্টে।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই খবর ভুয়ো। এই ধরনের কোনও প্রকল্পের ঘোষণা কেন্দ্রের তরফে করা হয়নি। তাই এই মেসেজে যে দাবি করা হচ্ছে তা ভুয়ো। এই ভুয়ো খবর থেকে সাবধান থাকুন।
https://twitter.com/PIBFactCheck/status/1253954246271070208
আরও একটি যে গুজবের কথা উল্লেখ করা হয়েছে, তা আবার করদাতাদের মনে আতঙ্কের সৃষ্টি করেছিল। এই খবরে জানানো হয়েছিল, সরকার একটা আইন নিয়ে আসতে চলেছে, যার দ্বারা সমস্ত করদাতা অর্থাৎ ব্যবসায়ী থেকে শুরু করে সরকারি কর্মচারী সবাইকে নিজেদের রোজগারের ১৮ শতাংশ সরকারকে দিতে হবে। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই মেসেজ।
https://twitter.com/PIBFactCheck/status/1254336404265435136
এদিন কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই ধরনের কোনও আলোচনা সরকারের মধ্যে হয়নি। এটা সম্পূর্ণ কারও কল্পনাপ্রসূত। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য এই মেসেজ ছড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ গুজব। দয়া করে এই ধরনের কোনও মেসেজ ছড়াবেন না।
এর আগেও কেন্দ্রের তরফে একাধিক গুজব ও ভুয়ো খবরকে সবার সামনে আনা হয়েছে। এমনিতেই এই পরিস্থিতিতে এক মহামারীর বিরুদ্ধে লড়াই করছে দেশ। তাই এই সময় এই ধরনের কোনও খবরে যেন দেশবাসীর মধ্যে কোনও প্রভাব না পড়ে তা রুখতে সচেষ্ট সরকার। তাই যখনই এই ধরনের কোনও গুজব সরকারের নজরে আসছে, তার সত্যতা সম্পর্কে সাধারণ মানুষকে জানিয়ে সতর্ক করছে কেন্দ্র।