পুরুষদের প্যারেডের নেতৃত্বে ক্যাপ্টেন তানিয়া শেরগিল, আর্মি ডে'র পর প্রজাতন্ত্র দিবসেও
দ্য ওয়াল ব্যুরো: ১৫ জানুয়ারি সেনা দিবসে পুরুষদের প্যারেডে নেতৃত্ব দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন ২৬ বছরের মহিলা ক্যাপ্টেন তানিয়া শেরগিল। আজ দেশের ৭১ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও নেতৃত্ব দিলেন তিনি। ক্যাপ্টেন ভাবনা কস্তুরীর পর তিনিই হলেন দ্ব
শেষ আপডেট: 26 January 2020 07:37
দ্য ওয়াল ব্যুরো: ১৫ জানুয়ারি সেনা দিবসে পুরুষদের প্যারেডে নেতৃত্ব দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন ২৬ বছরের মহিলা ক্যাপ্টেন তানিয়া শেরগিল। আজ দেশের ৭১ তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও নেতৃত্ব দিলেন তিনি। ক্যাপ্টেন ভাবনা কস্তুরীর পর তিনিই হলেন দ্বিতীয় মহিলা ক্যাপ্টেন যিনি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতৃত্ব দিলেন।
২০১৭ সালের মার্চ মাসে চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি থেকে কর্পস অব সিগন্যালসের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হন ক্যাপ্টেন তানিয়া শেরগিল। ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনসে স্নাতক ডিগ্রি রয়েছে তাঁর। কিন্তু সেনাবাহিনীতে যেন যোগ দেওয়ারই ছিল তাঁর। কারণ তাঁকে ভারতীয় সেনার ঘরের মেয়ে বলা যায়। তাঁর আগে তাঁর তিন প্রজন্ম সেনার হয়ে দেশের জন্য লড়েছেন। বাবা ছিলেন গোলাবাহিনীর সদস্য, দাদু সাঁজোয়া বাহিনীর সদস্য আর দাদুর বাবা ছিলেন শিখ রেজিমেন্টের পদাতিক বাহিনীর জওয়ান।

কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে তানিয়া বলেন, "ছোট থেকেই আমি সেনাতে যোগ দিতে চাইতাম। আমি সবসময় আমার বাবাকে দেখেছি ইউনিফর্ম পরে তৈরি হতে। তাই তখন থেকেই আমার মাথায় ছিল আমিও একদিন ইউনিফর্ম পরব। যখন আপনি একটা দলকে প্যারেডে নেতৃত্ব দেন তখন আপনার ভাল লাগে। এই দিনটা আমার জীবনে খুব গুরুত্ত্বপূর্ণ হবে। এই দায়িত্ব দেশের প্রতি আমার কর্তব্য আরও বাড়িয়ে দিল।"
বছর কয়েক আগেই যুদ্ধবিমান ওড়ানোর সুযোগ পেয়েছেন মহিলা এয়ার ফোর্স অফিসারেরা। প্রশংসার বন্যা বয়েছে সারা দেশে। সম্প্রতি নৌবাহিনীর নেতৃত্বেও এসেছে এক মহিলার নাম। এর আগে ২০১৫ সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রথম নেতৃত্ব দিয়েছিলেন এক মহিলা অফিসার। নজির তৈরি হয়েছিল সে বার। গত বছরও প্রজাতন্ত্র দিবসের প্যারেডে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ভাবনা কস্তুরী। সেই ট্র্যাডিশনই এগিয়ে নিয়ে চললেন ক্যাপ্টেন তানিয়া শেরগিল।