দ্য ওয়াল ব্যুরো: সমুদ্র পাড়ের ছোট্ট রাজ্য গোয়াতে স্থানীয় ভোটে বিপুল জয় পেল ভারতীয় জনতা পার্টি। গোয়ার শাসকদল বিজেপি। জেলা পঞ্চায়েতে জয় পেল গেরুয়া শিবিরই।
গোয়ায় জেলা পঞ্চায়েতের মোট আসন ৫০টি। একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জিতে গিয়েছিল বিজেপি। একটি আসনে প্রার্থী মারা যাওয়ার কারণে ভোট হয়নি।
গত ১২ ডিসেম্বর ভোট হয়েছিল গোয়ার জেলা পঞ্চায়েতের। সোমবার ফল প্রকাশের পর দেখা যায় ভোট হওয়া ৪৯টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ৩২টি আসনে। কংগ্রেসের শোচনীয় পরাজয় হয়েছে। তারা জিতেছে মাত্র চারটি আসন।
তাছাড়া এমজিপি জিতেছে তিনটি আসনে। শরদ পাওয়ারের এনসিপি এবং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জিতেছে একটি করে আসনে। এই প্রথম আপ গোয়ার কোনও ভোটে খাতা খুলল।
২০২২ সালে গোয়ায় বিধানসভা ভোট রয়েছে। গোয়া বিধানসভায় মোট আসন ৪০টি।
বিজেপির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন স্বয়ংসম্পূর্ণ গোয়া গড়ার যে লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পর্টির সরকার চলছে এই জয় তাকে আরও তরান্বিত করবে।