দ্য ওয়াল ব্যুরো: ছবির প্রেক্ষাপট ভিটে ছাড়া হওয়া কাশ্মীরি পণ্ডিতরা। ছবির পরিচালক তথা প্রযোজক কাশ্মীরেরই ভূমিপুত্র বিধু বিনোদ চোপড়া। ছবির নাম ‘শিকারা: দ্য আনটোল্ড স্টোরি অব কাশ্মীরি পন্ডিতস’ আর সেই শিকারা দেখতে গিয়েই কান্নায় ভেঙে পড়লেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।
দিল্লিতে সেই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন পরিচালক ও প্রযোজনা সংস্থা। তাতে আমন্ত্রিত ছিলেন লালকৃষ্ণ আডবাণী। সিনেমা শেষের পরে দেখা যায় কেঁদে ফেলেছেন লৌহপুরুষ। পাশে বসে থাকা অন্য দর্শকরাও দেখতে পান চোখ থেকে জল গড়াচ্ছে রামজন্মভূমি আন্দোলনের অবিসংবাদী নেতার। আডবাণীকে গিয়ে জড়িয়ে ধরেন পরিচালক।
https://twitter.com/VVCFilms/status/1225778399659978752
বিধু বিনোদ চোপড়া তাঁর ছবিতে তুলে ধরেছেন ১৯৯০-এর আগে কী ভাবে ভূস্বর্গ থেকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাত করা হয়েছিল তিনি নিজেও তাঁর শিকার। নিজের ভিটেতে ফিরতে না পারার যন্ত্রণা নিয়ে কী ভাবে তাঁরা বেঁচে রয়েছেন তাও দেখানো হয়েছে শিকারাতে। গত ৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি। পরিচালক জানিয়েছেন, এই ছবি তিনি তাঁর মাকে উৎসর্গ করেছেন।
কাশ্মীরি পণ্ডিতদের ভিটেয় ফেরানোর লড়াই বিজেপির বহু দিনের। কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা তথা সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন এবার কাশ্মীরি পণ্ডিতরাও তাঁদের ভিটেয় ফিরতে পারবেন। অনেকের মতে সিনেমার সঙ্গে নিজের রাজনৈতিক কর্মকাণ্ডকে একাত্ম করতে পেরেই আবেগতাড়িত হয়ে পড়েন ৯২ বছরের লালকৃষ্ণ আডবাণী।