দ্য ওয়াল ব্যুরো: তাঁর পোস্ট পড়ে আঁতকে উঠেছিল নেট দুনিয়া। অনেকেই মন্তব্য করেছিলেন, “এমন কেউ লিখতে পারে! তাও আবার একজন মহিলা হয়ে!” বিতর্ক দানা বাঁধতেই বিজেপি বহিষ্কার করল উত্তরপ্রদেশের রামকোলা মণ্ডলের মহিলা মোর্চার নেত্রী সুনীতা সিং গৌড়কে।
কী লিখেছিলেন সুনীতা?
ফেসবুক পোস্টে এই বিজেপি নেত্রী লিখেছিলেন, “মুসলিমদের রুখতে এখন একটাই পথ। ঘরে ঢুকে মুসলিম মহিলাদের গণধর্ষণ করতে হবে। হিন্দু ভাইয়েরা আমার, তোমরা ১০ জন করে দল বানিয়ে এই কাজ করো।”
ফেসবুকে বিজেপি নেত্রীর এই বক্তব্য ভাইরাল হতেই সমালোচনার সুর চড়ান নেটিজেনরা। কংগ্রেস সমর্থকরা তো বটেই অভিনেত্রী স্বরা ভাস্করও বিজেপি নেত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করেন। শুরুতে বিজেপি-র তরফে জানানো হয়, সুনীতা সিং গৌড়ের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এমনকী সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করার জন্য স্বরা ভাস্করকেও কটাক্ষ করেন বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বিজয়া রাহাতকর।
প্রথমে অস্বীকার করলেও, পরে ভোলবদল করেন বিজয়া। সোশ্যাল মিডিয়ায় যে মহিলা মুসলিমদের ধর্ষণের নিদান দিচ্ছেন তিনি আসলে বিজেপির রামকোলা মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী। এরপরই পদক্ষেপ করে গেরুয়া শিবির। বহিষ্কার করা হয় সুনীতাকে। নিজের টুইটার অ্যাকাউন্টে বিজেপি মহিলা মোর্চার নেত্রী বিজয়া রাহাতকর নিজেই এ কথা জানিয়েছেন। স্বরা ভাস্করকে ট্যাগ করে তিনি বলেন, “নিশ্চিন্তে থাকুন, বিজেপি মহিলা মোর্চা এমন কোনও মন্তব্যকে সমর্থন করে না যা ঘৃণা ছড়ায়। এই মহিলাকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে।” এরপর অবশ্য সময়োচিত পদক্ষেপ করার জন্য গেরুয়া শিবিরকে ধন্যবাদ জানান স্বরাও।