দ্য ওয়াল ব্যুরো: ভিডিও কলে বোনের সঙ্গে কথা বলার সময় এক বিজেপি নেত্রীকে গুলি করে খুন করল তাঁর স্বামী। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তার খোঁজ শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। পুলিশ সূত্রে খবর, বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক মুনেশ গোধারা শনিবার রাতে তাঁর বোনের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় তাঁর স্বামী সুনীল গোধারা নিজের লাইসেন্স যুক্ত বন্দুক থেকে মুনেশের বুকে পরপর দুটি গুলি করে।
গুরুগ্রামের সেক্টর ১০-এ পুলিশ স্টেশনে এই ঘটনার পরে একটি এফআইআর দায়ের করা হয়। গুরুগ্রাম পুলিশের তরফে সুভাষ বোকান জানিয়েছেন, “সেই সময় ওই নেত্রী বোনের সঙ্গে কথা বলছিলেন। বুকে দুটি গুলি করার পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুরোটা লাইভ কলে দেখেন তাঁর বোন। তিনিই থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মহিলার স্বামী পালিয়ে গিয়েছিলেন।”
সুভাষ আরও বলেছেন, “সুনীল একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তারক্ষীর কাজ করত। তাই তার কাছে লাইসেন্স যুক্ত বন্দুক ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুনীলের সন্দেহ ছিল মুনেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই সন্দেহের জেরেই এই খুন করা হয়েছে।”
মুনেশের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে সুনীল ও আরও দুজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে। গোটা শহরে তাদের ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে।
২০০১ সালে সুনীলের সঙ্গে বিয়ে হয় মুনেশের। ২০১৩ সালে বিজেপিতে যোগ দেন মুনেশ গোধারা। বেশ কয়েক দিন ধরেই স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতি হচ্ছিল। মুনেশের পরিবারের লোক জানিয়েছেন, মুনেশকে সন্দেহ করত সুনীল। কিন্তু তাঁরা এই বিষয়ে খুব বেশি মাথা ঘামাননি। কিন্তু সুনীল যে মুনেশকে খুন করে ফেলবে, সেকথা স্বপ্নেও ভাবেননি তাঁরা।