দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, বুধবারই আস্থা ভোট করতে হবে মহারাষ্ট্র বিধানসভায়। আদালত এও বলে দিয়েছে, কোনও গোপন ব্যালটে ওই ভোট হবে না। বিধায়করা কাকে ভোট দিচ্ছেন তা দূরদর্শনের পর্দায় সরাসরি সম্প্রচারও করতে হবে। আদালতের এই সিদ্ধান্তের পরেই ফ্লোর টেস্টের স্টেজ রিহার্সাল শুরু করে দিল দু’পক্ষ।
মঙ্গলবার বিকেলে পাঁচটায় মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে নিজেদের বিধায়কদের তলব করল শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। অন্যদিকে রাত্রি ন’টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামের ক্লাব হলে তাদের বিধায়কদের ডাকল বিজেপি। বিজেপি নেতা রাও সাহেব দানভে সংবাদমাধ্যমকে বলেছেন, “কালকে আস্থা ভোটে আমরাই সংখ্যাগরিষ্ঠ হব।”
সোমবার সন্ধেবেলা মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলের বলরুমে বেনজির দৃশ্য দেখেছে দেশ। নিজেদের বিধায়ককে জড়ো করে শপথবাক্য পাঠ করিয়েছেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেরা। ছিলেন, বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেও। আর বলরুমের ব্যাকড্রপের এলইডি স্ক্রিনে লেখা ছিল, ‘উই আর ১৬২।’ মহারাষ্ট্রে ১৪৫ জন বিধায়ক যেদিকে থাকবে তারাই সরকার গড়বে। অনেকের মতে এ তো সরল পাটিগণিত। কিন্তু এর বাইরেও অনেক সাপলুডোর অঙ্ক রয়েছে। যে কারণে এত কিছু।
মঙ্গলবার দুপুরেই মুম্বইয়ের সোফিটেল হোটেলে বৈঠকে বসেছেন শরদ পাওয়ার, প্রফুল্ল পটেল, উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউত-সহ শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের শীর্ষ নেতারা। সেই বৈঠকের মাঝেই বিধায়কদের খবর দেওয়া হয়, বিকেল পাঁচটায় ফের বৈঠক। মনে করা হচ্ছে, কালকের বৈঠক ছিল প্রাক সুপ্রিম কোর্টের রায়ের। আর আজকেরটা বুধবারের স্টেজ রিহার্সাল।
বুধবার কী হবে সে তো দূরদর্শনের পর্দাতেই দেখা যাবে। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত মহারাষ্ট্রে চলবে ঘটনার ঘনঘটা। দু’পক্ষের বৈঠক সেই ইঙ্গিত দিচ্ছে বলেই মত রাজনৈতিক মহলের।