
শেষ আপডেট: 1 February 2020 09:35
রেলের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা হল ‘কিষাণ রেল’ চালু করা। নির্মলা জানিয়েছেন, এই কিষাণ রেল শুধুমাত্র কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহণের কাজে ব্যবহার করা হবে। পচনশীল পণ্য যেমন সবজি, আলু, পেঁয়াজ প্রভৃতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে পরিবহণ করা যায় তার জন্যই এই কিষাণ রেলের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া রেলের পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রেও নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার। ৪টি নতুন প্রকল্প আনা হচ্ছে। এই প্রকল্পের আওতায় স্টেশনগুলির উন্নতি করা হবে। তেজসের মতো ট্রেন আরও বেশি সংখ্যায় বাড়ানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কিন্তু এই তেজসের মতো ট্রেনের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রেও পিপিপি মডেলের সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আগামী আর্থিক বর্ষের মধ্যে ৯ হাজার কিলোমিটার ইকোনমিক করিডর তৈরি করা হবে বলেও জানিয়েছেন নির্মলা।
https://twitter.com/ANI/status/1223495492073472000?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1223495492073472000&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fbudget-2020-sitharaman-announces-100-new-airports%2F
বিমান পরিষেবার ক্ষেত্রেও কিছু চমক দেওয়া হয়েছে এবারের বাজেটে। নির্মলা সীতারমন ঘোষণা করেছেন, ২০২৪ সালের মধ্যে দেশে ১০০টি বিমানবন্দর তৈরি করা হবে। এছাড়া দিল্লি-মুম্বই, চেন্নাই-বেঙ্গালুরুর মতো চারটি মেগা এক্সপ্রেসওয়ের কাজ ২০২৩ সালের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি। ২৫ হাজার কিলোমিটার নতুন সড়কপথ তৈরি করা হবে বলে জানানো হয়েছে। এই কাজে ১.৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।