দ্য ওয়াল ব্যুরো: সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মার্কিন ধনকুবের জর্জ সোরোস। বললেন, ভারতকে হিন্দু রাষ্ট্র বানাতে গিয়ে দেশের গণতন্ত্রকে বিপন্ন করছেন মোদী।
শুক্রবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে পরিবেশের বিপন্নতা ও বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিয়ে বক্তব্য রাখেন সোরোস। তিনি বলেন, "মোদী সরকার ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। কাশ্মীরের মতো জায়গা, যা কিনা মুসলিম প্রভাবিত, সেখানে লাখ লাখ মুসলিমকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার হুমকি দেওয়া হচ্ছে। এটাই ভারতের গণতন্ত্রের কাছে আশঙ্কার বিষয়। এভাবে আদতে ভারতের গণতন্ত্রকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন মোদী।"
তবে শুধু মোদী সরকার নয়, এদিন নিজের বক্তব্যে আমেরিকা, চিন, রাশিয়ার মতো দেশগুলির বিরুদ্ধেও তোপ দাগেন জর্জ সোরোস। তিনি বলেন, এমন সময় আসতে চলেছে, যেখানে আমেরিকা ও চিন গোটা বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চিনের প্রেসিডেন্ট জি শিংফিং বিশ্বজুড়ে একনায়কতন্ত্রকে প্রশ্রয় দিচ্ছেন। এই পরিস্থিতি পৃথিবীর পক্ষে ভাল নয় বলেই আশঙ্কা প্রকাশ করেছেন এই মার্কিন ধনকুবের।

মোদীর থেকেও ট্রাম্পকে বেশি আক্রমণ করেন সোরোস। তাঁকে একজন প্রতারক বলে উল্লেখ করেন তিনি। সোরোস বলেন, ট্রাম্প নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থকেও ত্যাগ করতে পারেন। তাই ফের যদি ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হন, তাহলে সে দেশের পক্ষে তা খুবই খারাপ, এমনটাই বক্তব্য সোরোসের।
সোরোস অবশ্য প্রথম নন, যিনি মোদীকে এই আক্রমণ করলেন। দেশজুড়ে বিরোধীরা ক্রমাগত অভিযোগ করছেন, মেরুকরণের রাজনীতি করছে বিজেপি। ধর্মকে সামনে রেখে সংখ্যালঘু মুসলিমদের দমিয়ে রাখা হচ্ছে। এদেশে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছেন। জম্মু-কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া, নাগরিকত্ব আইন, এনআরসি প্রভৃতি মোদী সরকারের একের পর এক সিদ্ধান্তকে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করার পদক্ষেপ বলেই অভিযোগ করেছে বিরোধী দলগুলি। সেই কথাই এবার শোনা গেল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে। বললেন মার্কিন ধনকুবের জর্জ সোরোস।