দ্য ওয়াল ব্যুরো: ভোরবেলা সবজি বাজারে ভিড় করেছিল একদল যুবক। লকডাউনের মধ্যে জটলার খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশ। ওই যুবকদের কাছে জানতে চাওয়া হয় তাদের কাছে কার্ফু পাস আছে কি না। এরপরই পুলিশের উপর চড়াও হয় তারা। ধারালো অস্ত্রের কোপে হাত কেটে নেয় পুলিশের এক সাব ইন্সপেক্টরের। অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে অন্যান্য পুলিশ আধিকারিকদের উপর। আরও দু'জন পুলিশ আধিকারিক এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন।
রবিবার সকাল সওয়া ছ'টা নাগাদ এই ঘটনা ঘটেছে পাঞ্জাবের পাতিয়ালা জেলার সানউর সবজি মাণ্ডিতে। হাতে কোপ পড়া পুলিশ অফিসারকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর অস্ত্রোপচার শুরু হয়েছে বলে জানিয়েছেন পাতিয়ালার পুলিশ সুপার মনদীপ সিং সিধু।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলা চালানোর পরেই একটি গাড়িতে চেপে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। তাদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে সংলগ্ন এলাকায়। শিগগির ওদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সিধু।
পাঞ্জাবে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে পাঞ্জাব সরলার আরও দু'সপ্তাহ লকডাউন ঘোষণা করে দিয়েছিল। কোথাও যাতে লকডাউন না ভাঙা হয় সে ব্যাপারে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে। লকডাউন শিথিল হলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই মতোই খবর পেয়ে জটলা হঠাতে গেছিল পুলিশ। আর তাতেই রক্তারক্তি কাণ্ড বেঁধে গেল পাতিয়ালার সবজি বাজারে।